কর্ণফুলীর খননে অনিয়ম তদন্তে ঠিকাদারকে ঢাকায় তলব
কর্ণফুলীর খননকাজে অনিয়মের অভিযোগ তদন্তে গতকাল পরিবেশ অধিদপ্তরের একটি দল খনন এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মো. আলমগীর খননকাজে নিয়োজিত ঠিকাদার মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনকে আগামী বৃহস্পতিবার অধিদপ্তরে শুনানিতে তলব করেন। পরিবেশ অধিদপ্তর মালয়েশিয়ান মেরিটাইমকে একটি নোটিশ প্রদান করে। নোটিশে বলা হয়, খননকাজ পরিদর্শন শেষে আমাদের মনে হয়েছে কাজটি পরিবেশসম্মতভাবে হচ্ছে না। এ ছাড়া কর্ণফুলী নদীর প্রশস্ততা, গভীরতা ইত্যাদি সঠিকভাবে হচ্ছে কি না, জানা দরকার। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তাঁদের বৃহস্পতিবার অধিদপ্তরে ডেকেছি। এরপর কাগজপত্র দেখে নির্ধারণ করা হবে যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না। এ ছাড়া খননের মাটি দিয়ে তারা ইট তৈরি করছে। ওই ইটের গুণাগুণ এবং কারখানাটি কোন জায়গায় করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।’