কর্ণফুলীর ঘাটে ডুবল গমবোঝাই জাহাজ
চট্টগ্রাম বন্দরের জলসীমায় কর্ণফুলী নদীর ইউসুফ চৌধুরী ঘাটে গত শনিবার রাতে গমবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ১ হাজার ২৫০ টন গম ছিল। ডুবে যাওয়ার আগে জাহাজ থেকে প্রায় ২০০ টন গম খালাস করা হয়।
গতকাল রোববার বিকেলে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাহাজের পেছনের অংশ পানির ওপরে ভাসছে। গ্র্যাব ক্রেন ব্যবহার করে জাহাজের ডুবে যাওয়া অংশ থেকে গম উদ্ধারের চেষ্টা করছিলেন ঘাটকর্মীরা।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, বন্দরের বহির্নোঙরের একটি বড় জাহাজ থেকে ১ হাজার ২৫০ টন গম বোঝাই করে এমভি ইফতি নামের এই লাইটার জাহাজটি গত শনিবার সন্ধ্যায় ইউসুফ চৌধুরী ঘাটে ভেড়ে। ঘাটে ভেড়ার সময়ই এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া লাইটার জাহাজের মাস্টার আশরাফ উল আলম প্রথম আলোকে বলেন, পণ্য খালাসের ঘাটটির একাংশে পানির গভীরতা ছিল কম। এ কারণে জাহাজটি ভেড়ানোর সময় জাহাজের পেছনের অংশ নদীর তলদেশে আটকে যায়। ঘাটের সামনে আরেক অংশে পানির গভীরতা বেশি ছিল। সে কারণে জাহাজটি নিয়ন্ত্রণে রাখা যায়নি। জাহাজের সামনের অংশে পানি ঢুকে ডুবে যায়। তবে ধীরে ধীরে ডুবতে থাকায় দ্রুত ক্রেনের সাহায্যে জাহাজের খোল থেকে প্রায় ২০০ টন গম খালাস করা সম্ভব হয়।
এই গম আমদানি করেছে আমান গ্রুপ। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী এজেন্ট সমতা শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির কর্ণধার মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, এই ঘাটে জাহাজ ভেড়ানোর জন্য আমদানিকারকের পক্ষ থেকে জাহাজের মাস্টারকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবু কেন এই ঘাটে জাহাজ ভেড়ানো হয়, তা খতিয়ে দেখছেন তাঁরা।