কর্ণফুলীর ঘাটে পণ্য খালাসে অচলাবস্থা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর বেসরকারি ১৬টি ঘাটে টানা তিন দিন ধরে পণ্য খালাসে অচলাবস্থা চলছে। লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের কর্মবিরতির কারণে গতকাল সোমবারও পণ্য খালাস বন্ধ ছিল। এসব ঘাটের আশপাশে ৬০টি লাইটার জাহাজ প্রায় ৭০ হাজার টন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে। জাহাজগুলোতে থাকা পণ্যের মধ্যে রয়েছে গম, পাথর, কয়লা, পুরোনো লোহার টুকরা ও সার।
শ্রমিকদের কর্মবিরতি অবসানে আজ মঙ্গলবার ঢাকায় শ্রম পরিদপ্তরে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রামকেন্দ্রিক লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ। শ্রমিকদের বর্ধিত বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করার দাবিতে এ কর্মবিরতি পালন করছে তারা। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে পরিচিত শ্রমিকনেতা সাহাদাত হোসেন কর্মবিরতি ডাকা সংগঠনের নেতা।
গতকাল বিকেলে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে কর্মবিরতি আহ্বানকারী সংগঠনের নেতাদের ঢাকায় বৈঠক হয়। বৈঠক শেষে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। তবে লাইটার জাহাজ মালিকপক্ষের কেউ বৈঠকে আসেননি। এ জন্য আজ মঙ্গলবার মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে শ্রম ভবনে বৈঠক হওয়ার কথা রয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকার কথা দিয়েছেন।
অবশ্য শ্রমিকদের মূল সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতির সঙ্গে নেই। সংগঠনের সভাপতি শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘একটি পক্ষ প্রশাসনের সহায়তায় শ্রমিকদের কাজে যোগদানে বাধা দিচ্ছে। এদের সঙ্গে সাধারণ শ্রমিকেরা নেই।’