কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণে চুক্তি ৩০ জুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের লক্ষ্যে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। ৩০ জুন (মঙ্গলবার) বেইজিংয়ে এই চুক্তি সই হবে। এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল গতকাল শুক্রবার চীনে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এরপর সিসিসিসিকে চীনা সরকার এই প্রকল্প বাস্তবায়নের অনুমতি দেয়। পরে সিসিসিসি সেতু বিভাগে প্রকল্প বাস্তবায়নে প্রস্তাব দেয়। দর-কষাকষি শেষে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকায় রফা হয়।
গতকাল রাতে চীন থেকে ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, তাঁর এই সফরে কর্ণফুলী টানেল নির্মাণে চুক্তি সই হবে। এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের স্টিলের গার্ডার তৈরিসহ কিছু কাজ চীনে সম্পন্ন হচ্ছে। সেগুলোও তিনি পরিদর্শন করবেন।
প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে প্রায় আট হাজার কোটি টাকা। চীনা কোম্পানি মূল টানেল, সংযোগ সড়ক, টোল প্লাজাসহ আনুষঙ্গিক নির্মাণকাজ করবে। আর জমি অধিগ্রহণসহ বাকি তিন হাজার কোটি টাকা বহন করবে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিসিসিসির পেছনে ব্যয়ের সাড়ে পাঁচ হাজার কোটি টাকা চায়না এক্সিম ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। এ ক্ষেত্রে ২ শতাংশ হারে সুদ ও সার্ভিস চার্জ দিতে হবে। ঋণ পরিশোধ করতে হবে ২০ বছরে।
তবে সিসিসিসিকেই টানেল নির্মাণের কাজ দেওয়ার বিষয়ে সমালোচনা আছে সেতু বিভাগেই। কারণ, সেতু বিভাগ এই প্রকল্পের নকশা প্রণয়ন, ব্যয় নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাই করার কাজে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল সিসিসিসিকে। ফলে যে প্রতিষ্ঠান ব্যয় নির্ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকেই নির্মাণকাজের দায়িত্ব দেওয়ায় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সিসিসিসি প্রথমে প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করেছিল ৫ হাজার ২২৬ কোটি টাকা। এখন শুধু নির্মাণকাজই এই ব্যয়কে ছাড়িয়ে গেছে। জমি অধিগ্রহণসহ অন্য কাজ তো এর বাইরে থাকছে।