কর্ণফুলীর তীরে অবৈধ ডকইয়ার্ড বন্ধের নির্দেশ
কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা একটি ডকইয়ার্ডের কার্যালয় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘নূর-এ-মদীনা’ নামের এই ডকইয়ার্ডকে দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে ডকইয়ার্ড খালি করার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়াই শাহ আমানত সেতুর উজানে শিকলবাহা এলাকায় এই ডকইয়ার্ড গড়ে তোলেন শেখ আহাম্মদ নামের স্থানীয় এক ব্যক্তি। অভিযানের সময় দেখা যায় সেখানে একটি নতুন লাইটার জাহাজের নির্মাণকাজ চলছিল। এ ছাড়া মেরামত করা হচ্ছিল আরেকটি লাইটার জাহাজ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম। তিনি প্রথম আলোকে বলেন, ২০০১ সালে বন্দরের তৎকালীন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরী এই ডকইয়ার্ড মালিককে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছিলেন। ডকইয়ার্ডটি তখন বন্ধ করে দেওয়া হয়। পরে আবার এর কার্যক্রম শুরু করা হয়। ডকইয়ার্ড মালিককে পাঁচ দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
একই ভ্রাম্যমাণ আদালত কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১০টি লাইটার জাহাজকে মোট ২ লাখ ৮০ হাজার টাকার জরিমানা করেন। অতিরিক্ত পণ্য নেওয়া, নিরাপত্তা সরঞ্জাম না রাখা, অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদোত্তীর্ণ হওয়াসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়।
জরিমানা করা লাইটার জাহাজগুলো হলো—এমভি মায়ের আদেশ, এমভি বিউটি অব মতলব, ওটি সুফলা-১, ওটি হিল্টন, এমভি মনোয়ার জহির, এমভি গোলাপ-৩, এমভি কিং অব নারিসা, এমভি নির্ঝর-৩, এমভি আল-ইত্তেহাদ ও এমভি আল-বাহার।