কর্ণফুলীর তীরে স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর সদরঘাট থেকে চাক্তাই খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের জন্য গতকাল রোববার এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।জানা গেছে, জেলা প্রশাসনের হাকিম ফজলে এলাহী এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে দুটি বুলডোজার দিয়ে অন্তত ২০টি স্থাপনা, দুটি অবৈধ জ্বালানি তেলের বাজার, ছয়টি সীমানা দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে বন্দর কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা অংশ নেন। ফজলে এলাহী প্রথম আলোকে জানান, আজ সোমবারও অভিযান চলবে।প্রসঙ্গত, গত ১২ মে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন যোগ্য দরদাতা হিসেবে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ শুরু করে। প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি অনুযায়ী, কর্ণফুলী নদীর সদরঘাট থেকে উজানে ২ দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৫ লাখ ৪০ হাজার ঘনমিটার মাটি-বালু অপসারণ করার কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ ব্যাংক প্রকেটশন কাজ এবং ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে। বন্দরের ২২৯ কোটি টাকার নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ হচ্ছে।