কর্ণফুলীর তীরের ইটভাটা বন্ধের নির্দেশ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ‘প্যাসিফিক মেরিন সার্ভিস ও স্বয়ংক্রিয় ইটভাটা’ নামের কারখানা বন্ধ করে দিয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঝটিকা পরিদর্শনে এসে এ নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রীর নির্দেশে এ সময় ইটভাটার ব্যবস্থাপক প্রদীপ দত্তকে আটক করে পুলিশ।
এর আগে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে নগরের সদরঘাট এলাকায় অবস্থিত আগ্রাবাদ ভূমি কার্যালয় পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী।
ভূমি প্রতিমন্ত্রী ওই এলাকার সরকারি জমি দখলের ব্যাপারে সচেতন না থাকায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। সরকারি জমি দখল করে রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এম জয়নাল আবেদীন ও উপসহকারী ভূমি কর্মকর্তা রণকান্তি শীল। এ ছাড়া টানা চার বছর একই কার্যালয়ে চাকরিরত থাকায় অফিস সহকারী আনিসুল ইসলামকে বদলির নির্দেশ দেন।
ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীকে জানান, কার্যালয়ের পশ্চিম পাশে সরকারি মালিকানাধীন একটি পুকুর দখল করে স্থানীয় একাধিক ব্যক্তি তা ভরাট করে ফেলছেন। এরপর তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় অলক খাস্তগীর (৪৫) নামের স্থানীয় বাসিন্দা নিজেকে পুকুরের একাংশের মালিক দাবি করেন। প্রতিমন্ত্রী নথিপত্র যাচাই-বাছাই শেষে পুকুরের সরকারি মালিকানা নিশ্চিত হওয়ার পর অলক খাস্তগীরকে আটক ও পুকুর ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে চায়ের দোকান নির্মাণ করায় আবদুস শুক্কুরকে আটকের নির্দেশ দেন তিনি।
ইটভাটার মালিক হলেন আবু জাফর মো. ছালেক। কর্ণফুলী নদী খননের পর উত্তোলিত মাটি ও বালু ব্যবহার করে এখানে ইট তৈরি করা হয়। প্রতিমন্ত্রীর নির্দেশের পর তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ইটভাটার চুল্লি বন্ধ করে দেন এবং কার্যালয়ে তালা লাগিয়ে দেন।