কর্ণফুলীর দাবি ৮৩৪ কোটি টাকা বাখরাবাদ মানতে নারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস সিস্টেমসকে সরকার দেড় বছর আগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (বিজিডিসিএল) নামের দুটি পৃথক প্রতিষ্ঠানে পরিণত করলেও প্রতিষ্ঠান দুটির পারস্পরিক দেনা-পাওনার বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।কেজিডিসিএলের দাবি, বিজিডিসিএলের কাছে তারা ৮৩৪ কোটি টাকা পাবে। তবে বিজিডিসিএল এ দাবি মানতে নারাজ। তারা মাত্র ১০ কোটি টাকা পরিশোধ করেছে। বিজিডিসিএল বলেছে, বিষয়টি এখনো নিষ্পন্ন হয়নি। এ বিষয়ে পেট্রোবাংলার নির্দেশ অনুযায়ী তারা কেজিডিসিএলকে পাওনা পরিশোধ করবে। এদিকে পাওনা টাকা না পেয়ে গ্রাহকের জামানত ফেরত দিতে পারছে না কেজিডিসিএল। জামানত না পেয়ে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুজন গ্রাহক মামলাও করেছেন। জানা গেছে, দেনা-পাওনার হিসাব মেটাতে ইতিমধ্যে পেট্রোবাংলার উদ্যোগে প্রতিষ্ঠান দুটির মধ্যে দুবার বৈঠক হয়। কিন্তু দুবারই কোনো সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়। সর্বশেষ গত ১৫ জানুয়ারি বাখরাবাদ গ্যাস কোম্পানির কার্যালয়ে বৈঠক হয়। পেট্রোবাংলার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগির এ সমস্যার সমাধান হয়ে যাবে।’ একই কথা বলেছেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পেট্রোবাংলার দিকনির্দেশনা অনুযায়ী আমরা কর্ণফুলী গ্যাস কোম্পানির সব দায়-দেনা শোধ করতে সম্মত আছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক কেজিডিসিএলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বাখরাবাদের সদিচ্ছা নিয়ে আমাদের সন্দেহ আছে। তারা প্রতিহিংসা থেকে আর্থিক লেনদেন সম্পন্ন করছে না। কারণ, চট্টগ্রাম অঞ্চল ছিল বাখরাবাদের অর্থ উপার্জনের সবচেয়ে বড় জায়গা। ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত চট্টগ্রাম থেকেই বাখরাবাদের মোট রাজস্বের ৮৭ শতাংশ জোগান দেওয়া হয়।’ ওই কর্মকর্তা বলেন, ‘১২ মার্চ দুই প্রতিষ্ঠানের বৈঠকের দিন ধার্য করেছে বাখরাবাদ কোম্পানি। অথচ ওই দিন ঢাকায় রাজনৈতিক কর্মসূচি থাকায় এ বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম। বিষয়টি জেনেই তারা এ ধরনের দিনক্ষণ বেছে নিয়েছে।’ খোঁজ নিয়ে জানা যায়, গ্রাহকসেবা বাড়ানোর লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে (বিজিএসএল) আলাদা দুটি প্রতিষ্ঠানে পরিণত করার সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তা কার্যকর করে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চল নিয়ে কেজিডিসিএল গঠিত হয়। ২০১০ সালের ১ জুলাই কেজিডিসিএল আলাদাভাবে রাজস্ব আদায় শুরু করে। বাখরাবাদের অবশিষ্ট এলাকার সঙ্গে তিতাসের একাংশ নিয়ে বিজিডিসিএল গঠিত হয়। ইতিমধ্যে তিতাসের সঙ্গে যাবতীয় দায়দেনা নিষ্পত্তি করেছে তারা। গত ৭ ডিসেম্বর প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভাও সম্পন্ন হয়। বাখরাবাদ ও তিতাসের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিও সম্পন্ন হয়েছে। কিন্তু বিজিডিসিএলের সঙ্গে দেনা-পাওনার হিসাব শেষ না হওয়ায় গত দেড় বছর ধরে বার্ষিক সাধারণ সভাও (এজিএম) করেনি কেজিডিসিএল। শেষ পর্যন্ত গত বুধবার প্রথম সাধারণ সভা করে কেজিডিসিএল।কেজিডিসিএল সূত্র জানায়, বাখরাবাদের কাছে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ৬০ কোটি টাকা, স্থায়ী জামানত (এফডিআর) ৬০০ কোটি টাকা, গ্রাহকদের জামানত ১৫০ কোটি টাকা এবং গ্র্যাচুইটি হিসেবে আরও ২৪ কোটি টাকা দাবি করা হয়। এর বিপরীতে বিজিডিসিএল মাত্র ১০ কোটি টাকার একটি চেক পাঠায়। জানা গেছে, বাখরাবাদ ও কর্ণফুলী আলাদা হওয়ার পর প্রতিষ্ঠান দুটির দায়দেনা হিসাব করতে নিরীক্ষক নিয়োগের নির্দেশ দেয় পেট্রোবাংলা। এ জন্য দুই প্রতিষ্ঠানকে সমন্বয় করতে বলা হয়। কিন্তু বিজিডিসিএল আলাদা নিরীক্ষক নিয়োগ করে। ওই নিরীক্ষার হিসাব অনুযায়ী বিজিডিসিএল কর্তৃপক্ষ নবগঠিত কেজিডিসিএলের কাছে এক হাজার ১০০ কোটি টাকা পাওনা আছে বলে দাবি করে। তবে পেট্রোবাংলা এ দাবি প্রত্যাখ্যান করেছে।