কর্ণফুলী নদীতে দূষণের মাত্রা আগের চেয়ে বেড়েছে। পরিবেশ অধিদপ্তরের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় চট্টগ্রামের প্রাণ নামে খ্যাত এই নদীদূষণের প্রমাণ মিলেছে। এই দূষণ আগের বছরের চেয়ে বেশি। গৃহস্থালি ও কলকারখানার বর্জ্য এবং জাহাজের পোড়া তেলের কারণে এই নদী দূষিত হচ্ছে বলে অভিযোগ। এর বিভিন্ন স্থানের পানি পরীক্ষায় পানির উপাদান দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমছে। এর ফলে নদী ক্রমশ মাছশূন্য হয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। এ ছাড়া দ্রবীভূত সলিড (টিডিএস), বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) আদর্শ মানের চেয়ে অনেক ওপরে পাওয়া গেছে। সবচেয়ে বেশি দূষণের প্রমাণ পাওয়া গেছে নদীসংলগ্ন বিভিন্ন খালের মুখের নদীর পানিতে। এ ছাড়া টিএসপি, কাফকো ও সিইউএফএল সার কারখানা এলাকার নদীর পানিতেও দূষণের প্রমাণ পেয়েছে অধিদপ্তর। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘আমরা প্রতিনিয়ত নদীর পানি পরীক্ষা করে যাচ্ছি। এতে নদীটির কিছু কিছু স্থানে দূষণের প্রমাণ পাওয়া গেছে। দূষণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ গত এপ্রিল মাসে কর্ণফুলীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পানির নমুনা পরীক্ষায় দেখা গেছে, দ্রবীভূত অক্সিজেন (ডিও) দিন দিন কমছে। কর্ণফুলীর সিইউএফএল ভাটি অঞ্চলের পানির নমুনায় দেখা যায়, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে ৪ দশমিক ৮ মিলিগ্রাম। জোয়ারের সময় একই স্থানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ পাওয়া যায় প্রতি লিটারে ৫ মিলিগ্রাম। অথচ, গত বছর একই সময়ে এই স্থানের পানির ডিও ছিল প্রতি লিটারে যথাক্রমে ৫ দশমিক ৬ ও ৫ দশমিক ১ মিলিগ্রাম। একইভাবে টিএসপি এলাকা থেকে সংগৃহীত পানিতে ডিও পাওয়া গেছে প্রতি লিটারে সর্বোচ্চ ৫ দশমিক ১ মিলিগ্রাম। গত বছর এটা ছিল ৫ দশমিক ৭ মিলিগ্রাম।এ প্রসঙ্গে অধ্যাপক ইদ্রিস আলী বলেন, পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে ৬ মিলিগ্রামের নিচে নেমে গেলে ছোট ছোট মাছ বাঁচে না। প্রাণীবৈচিত্র্য নষ্ট হয়ে যায়। পরীক্ষায় দেখা যায়, কর্ণফুলীর সাসপেনডেন্ড সলিড (এসএস) ও মোট দ্রবীভূত সলিডের (টিডিএস) পরিমাণ বেড়েছে। টিএসপি এলাকার পানিতে এসএস প্রতি লিটারে ৬৭৭ মিলিগ্রাম ও সিইউএফএল এলাকার নদীর পানিতে সর্বোচ্চ ১০১৩ মিলিগ্রাম পাওয়া যায়। অথচ, এসএসের আদর্শ মান প্রতি লিটারে ১০০ মিলিগ্রাম। এটা বেড়ে গেলে পানি দূষিত বলে গণ্য হয়। একইভাবে এবার টিডিএস পাওয়া গেছে টিএসপি এলাকায় সর্বোচ্চ ৮২০০ মিলিগ্রাম ও সিইউএফএল এলাকায় ১৩০০০ মিলিগ্রাম। টিডিএসের আদর্শ মান প্রতি লিটারে ২১০০। এটা বৃদ্ধি পেলে পানি দূষিত হবে বলে বিশেষজ্ঞরা জানান। এসএস ও টিডিএস গত বছর আরও কম ছিল বলে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা থেকে জানা যায়। গত বছর একই সময়ে টিএসপি এলাকার কর্ণফুলীর পানিতে সর্বোচ্চ এসএস ছিল লিটারে ৭৪৩ মিলিগ্রাম ও সিইউএফএল এলাকায় ৪১২ মিলিগ্রাম। একইভাবে টিডিএস ছিল যথাক্রমে ৮৬০৫ মিলিগ্রাম ও ৬৮৪০ মিলিগ্রাম। এর পাশাপাশি কর্ণফুলীর পানিতে বিওডি ক্রমশ বাড়ছে বলে অধিদপ্তরের পরীক্ষায় দেখা যায়। পানির জীবাণু নষ্ট করে দেওয়ার ক্ষমতাকে বিওডি বলে। বিওডি যত কম হয়, পানিদূষণের মাত্রা তত কম। এর আদর্শ মান প্রতি লিটারে সর্বোচ্চ ২ মিলিগ্রাম। কিন্তু সিইউএফএল এলাকার পানিতে তা ২ দশমিক ৬ মিলিগ্রাম ও টিএসপি এলাকায় পাওয়া গেছে ২ দশমিক ৪ মিলিগ্রাম।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দুই বছরে কর্ণফুলীতে দূষণের দায়ে প্রায় ৫০টি বড় শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কিন্তু দূষণের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরও হাজার খানেক প্রতিষ্ঠান জড়িত বলে জানা গেছে।