কর্ণফুলীর সঙ্গে ৩৪ খালের সংযোগ স্থাপন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালুরঘাট সেতু থেকে নেভাল একাডেমি পর্যন্ত কর্ণফুলী নদীর সঙ্গে নগরের ৩৪ খালের সংযোগ থাকলে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা থাকবে না। সর্বশেষ জরিপে কর্ণফুলীর সঙ্গে ২২টি খালের সংযোগ পাওয়া গেছে। এর মধ্যে চারটি খাল মরে গেছে। এসব খাল উদ্ধার করে চট্টগ্রাম নগরকে জলাবদ্ধতার সমস্যা থেকে রক্ষা করা সম্ভব।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে নগরের জলাবদ্ধতা সমস্যা দূর করা নিয়ে আয়োজিত নাগরিক সংলাপে এ তথ্য উপস্থাপন করা হয়েছে। ‘চিটাগাং সেন্টার অ্যাডভান্স স্টাডিজ এবং ফোরাম ফর প্ল্যানড চিটাগাং’ আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আলী আশরাফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উপস্থিত থাকার কথা ছিল বলে জানান আয়োজকেরা। কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি।
নাগরিক সংলাপের উদ্বোধন করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক হায়দার চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আবসার, প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রমুখ।
প্রবন্ধে আলী আশরাফ বলেন, ১৯৬৯ সালে পাকিস্তান আমলে যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক প্রকৌশল ফার্ম ‘জন আর স্নেল ইনকরপোরেশন’ চট্টগ্রাম শহরের জন্য ‘স্টর্ম ড্রেনেজ অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, মাস্টার প্ল্যান অ্যান্ড ফিজিবিলিটি রিপোর্ট ফর চিটাগাং’ নামে একটি মহাপরিকল্পনা করেছিল। তখন ৩৪ খালের সংযোগ কর্ণফুলীতে ছিল। অথচ চট্টগ্রাম ওয়াসার নতুন ড্রেনেজ মহাপরিকল্পনায় ৩৪টির মধ্যে পাওয়া গেছে ২২ খাল। এই ২২ খালের মধ্যে চারটি খাল মরে গেছে। ব্রিটিশ আমলের আরএস খতিয়ান অনুযায়ী ভূমি জরিপে সব কটি খালের অস্তিত্ব পাওয়া যাবে। সরকার চাইলে এগুলো উদ্ধার করে নগরকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পারে।
আলী আশরাফ বলেন, লালদীঘি মাঠে জনসভা করে দাবি জানালে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না। দেশের নীতিনির্ধারকেরা মনে করেন, জলাবদ্ধতা সাময়িক সমস্যা। এটি আসলে একটি বড় সমস্যা, যেটা তাঁরা বোঝেন না। তাঁরা শুধু পরিকল্পনা করেন। বাস্তবায়নের উদ্যোগ নেন না।
আবুল মোমেন বলেন, প্রাকৃতিকভাবে চট্টগ্রাম নগর উঁচু-নিচু। একসময় এখানে বর্ষাকালে স্বাভাবিকভাবে পানিনিষ্কাশনের ব্যবস্থা ছিল। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে স্বাভাবিক পানিপ্রবাহের পথ নষ্ট হয়ে গেছে। এখন প্রাকৃতিক খাল ও নালা উদ্ধারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য সব সরকারি সংস্থা ও বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন বলেন, আজকের জন্য যেটা করণীয়, তা সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) করছে না। জলাবদ্ধতা নিরসনের জন্য মহাপরিকল্পনা বাস্তবায়ন করার করার কথা সিডিএর। সিডিএ শুধু ফ্লাইওভার (উড়ালসড়ক) বানাচ্ছে। ফ্লাইওভার করার অধিকার সিডিএকে কে দিয়েছে? এসব ফ্লাইওভারের সুবিধাভোগী কে হবে, কখন থেকে হবে? ৫০ বছর পরে সুবিধা আসবে এমন চিন্তা থেকে ফ্লাইওভার করা যাবে না। জলাবদ্ধতা আজকের সমস্যা। এই সমস্যা নিয়ে ভাবতে হবে, মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার বলেন, বৃষ্টি হলে পাহাড় থেকে বালু নালায় জমা হচ্ছে। মহাপরিকল্পনা বালু স্তূপের জন্য নয়টি জায়গা চিহ্নিত করা হয়েছিল। ওই জায়গাগুলো দখল হয়ে গেছে।
নাগরিক সংলাপে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আবসার বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চট্টগ্রাম ওয়াসা ড্রেনেজ ও স্যানিটেশন নিয়ে একটি মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক কর্মশালা করে এবং সবার মতামত নিয়ে এই মাস্টারপ্ল্যানটি চূড়ান্ত করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।