কর্ণফুলীর হিসাবনিকাশ গোলমেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির হিসাবনিকাশ বেশ গোলমেলে। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে তারা বিতরণ মূল্যহার বাড়ানোর যে আবেদন করেছে, তাতে কেন তা বাড়ানো দরকার তার সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি। প্রস্তাবে ২০১৬-১৭ অর্থবছরের যেসব প্রাক্কলিত তথ্য উল্লেখ করা অপরিহার্য, যেসব তথ্যও পূর্ণাঙ্গভাবে দেয়নি।
আরও গোলমেলে ব্যাপার হলো সার উৎপাদনে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২ টাকা ৫৮ পয়সা। (আগস্ট ২০০৯ থেকে কার্যকর)। কিন্তু কর্ণফুলীর ২০১৪-১৫ অর্থবছরের হিসাব অনুযায়ী কাফকোর (কর্ণফুলী সার কোম্পানি) কাছে তারা গ্যাস বিক্রি করেছে প্রতি ঘনমিটার ৯ টাকা ৮৯ পয়সা। এই বাড়তি অর্থ ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণীতে কোম্পানির আয় হিসেবে দেখানো হয়েছে। অথচ এই অর্থ পেট্রোবাংলার প্রাপ্য।
অন্যান্য বিতরণ কোম্পানির মতো কর্ণফুলীও একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভজনকভাবে চলার জন্য ২০১৬-১৭ অর্থবছরে কর্ণফুলীর রাজস্ব চাহিদা প্রতি ঘনমিটার গ্যাসে শূন্য দশমিক ৪৯৫৫ টাকা। তাদের বিদ্যমান আয় প্রতি ঘনমিটারে শূন্য দশমিক ৫৮১৮ টাকা।
এসব বিষয় পর্যালোচনা ও মূল্যায়ন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, নিরূপিত রাজস্ব চাহিদা অনুযায়ী কর্ণফুলীর বিদ্যমান বিতরণ মূল্যহার বাড়ানোর দরকার নেই। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গতকাল রোববার অনুষ্ঠিত গণশুনানিতে কারিগরি মূল্যায়ন কমিটির প্রতিবেদনে এ অভিমত দেওয়া হয়েছে।
‘কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ চট্টগ্রাম অঞ্চলের গ্যাস বিতরণকারী সংস্থা। বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড নামের কোম্পানিকে ভাগ করে গঠিত এই কোম্পানিটি ২০১০ সালের ১ জুলাই থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।
বিইআরসির চেয়ারম্যান এ আর খানের সভাপতিত্বে গণশুনানি গ্রহণ করেন সংস্থার সদস্য রহমান মুরশেদ ও মো. মাকসুদুল হক। ভোক্তা সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলমসহ কয়েকজন বক্তা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন।