কর্ণফুলীর ১৬ ঘাটে পণ্য খালাস বন্ধ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাটে গতকাল রোববার সকালে লাইটার জাহাজ থেকে পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছেন সাধারণ শ্রমিকেরা। গত শনিবার রাতে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনার জের ধরে তাঁরা কাজ বন্ধ করে দেন। জানা গেছে, চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার রাতে শ্রমিকদের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের নয়জন আহত হয়েছে বলে দুই পক্ষ দাবি করেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি পক্ষ সাধারণ শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এ ঘটনার প্রতিবাদ করায় চারজনকে মেরে আহত করে তারা।’ চাঁদাবাজির প্রতিবাদে সাধারণ শ্রমিকেরাই পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছেন বলে তিনি দাবি করেন। অপরদিকে চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলমগীর শরীফ প্রথম আলোকে বলেন, পরিচয়পত্র বানানোর জন্য শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রতিপক্ষের কয়েকজন শ্রমিক তাঁদের ওপর হামলা করেন। এর প্রতিবাদে শ্রমিকেরা পণ্য খালাসের কাজ বন্ধ করে দেন বলে তিনি দাবি করেন। জানা গেছে, কর্ণফুলী নদীর সদরঘাট, মাঝিরঘাট ও বাংলাবাজার এলাকায় ১৬টি ঘাটে প্রতিদিন গড়ে সাত থেকে আট হাজার টন পণ্য খালাস হয়। পণ্যবাহী যেসব জাহাজ বন্দর জেটিতে ভিড়ে পণ্য খালাস করতে পারে না, সেগুলো বন্দরের বহির্নোঙরে অবস্থান করে। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য বোঝাই করে এসব বেসরকারি ঘাটে এনে পণ্য খালাস করা হয়। আমদানিকারকের পক্ষে ঠিকাদারেরা শ্রমিক নিয়োগ করে পণ্য খালাসের কাজ তদারকি করেন। পণ্য খালাসের ঠিকাদারি প্রতিষ্ঠানের লাবণী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল হাশেম প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় কোনো ঘাটে পণ্য খালাস হয়নি। কোস্টার হ্যাচ শ্রমিকদের বিক্ষোভ মিছিল: এদিকে কর্মচ্যুত শ্রমিকদের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে চট্টগ্রাম কোস্টার হ্যাচ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। গতকাল সকালে বাংলাবাজার থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হলে মঙ্গলবার (আগামীকাল) কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। সমাবেশ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কবির জেলা প্রশাসক ফয়েজ আহমদের কাছে স্মারকলিপি পেশ করেন। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে লাইটার জাহাজে বোঝাই করেন কোস্টার হ্যাচ শ্রমিকেরা।