কর্ণাইয়ে এবার উৎসবের আমেজ
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার কারণে দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামের সংখ্যালঘুদের ওপর নেমে এসেছিল নির্যাতন। ঠিক দুই মাস ১০ দিন পর গতকাল শনিবার উপজেলা পরিষদের নির্বাচনে ওই গ্রামের কেন্দ্রগুলোতে সবচেয়ে বেশি উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ওই গ্রামের ভোটাররা বলেছেন, ‘এইটা হছে মহামিলনের ভোট, ওইটা এমন ভোট আছিল না।’
গতকাল শনিবার বেলা ১১টার দিকে কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি ভবনে নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্র করা হয়েছে। কেন্দ্র দুটিতে পাঁচটি করে বুথ বসানো হয়েছে। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।
পুরুষ ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দীলিপ কুমার সরকার বলেন, এই কেন্দ্রে মোট ভোটারসংখ্যা দুই হাজার ৭৭১। পাঁচটি বুথের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। দুপুর একটা পর্যন্ত ৭৪৬টি ভোট পড়েছে।
নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ওই কেন্দ্রের ভোটারসংখ্যা দুই হাজার ২৩৯। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত ৮৩৬টি ভোট পড়েছে।
ভোট কেন্দ্রের পাঁচটি বুথে কয়েক শ নারী ভোটারকে লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে থাকা তেলীপাড়ার শোভা রানী বলেন, ‘খুব ভালো লাগেছে। এইবার সবাহে একসাথে ভোট দিবা আইছি।’ ঠাকুরপাড়ার ঝরনা রানী বলেন, ‘এইবারের ভোট হচে মহামিলনের ভোট। কিন্তুক দু মাস আগে যে ভোট হইচে, ওইবার (মুসলিম নারীদের দেখিয়ে) ওরা আইসেনি। এইবার সবাহে আইছে।’
ভোট দিতে আসা স্থানীয় ব্যবসায়ী প্রমোদ রায় বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব দলের প্রার্থী রয়েছেন। তাই সবাই ভোট দিতে এসেছেন।
৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে আসার কারণে জামায়াত-বিএনপির সমর্থকেরা সংখ্যালঘু অধ্যুষিত ছয়টি পাড়ার দেড় শতাধিক বাড়িতে হামল চালান। কর্ণাই বাজারের শতাধিক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট-ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
দুপুর দেড়টায় কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এবং পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন। এসপি বলেন, সংসদ নির্বাচনের মতো একদিনে পুরো জেলায় নির্বাচন হচ্ছে না। মাত্র দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। ফলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিই প্রমাণ করছে, এখানকার জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।