কর্ণাটকের পত্রিকার জন্য আমি কখনো লিখিনি: তসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ‘কর্ণাটকের কোনো পত্রিকার জন্য আমি কখনো কোনো লেখা লিখিনি।’ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি পত্রিকায় প্রকাশিত বোরখার বিরুদ্ধে তাঁর লেখা একটি নিবন্ধের কারণে শিমোগা ও হাসান শহরে মুসলমানেরা ব্যাপক বিক্ষোভ দেখায়। এর জের ধরে সংঘটিত সহিংসতা ও পুলিশের গুলিতে শিমোগায় দুজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাতে শহরটিতে কারফিউ জারি করা হয়। খবর এএফপি, বিবিসি ও পিটিআই অনলাইনের। অভিযোগ অস্বীকার করে তসলিমা জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে এই কুত্সা রটানো হচ্ছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাঁর লেখা অপব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে তসলিমা বলেন, ‘গত সোমবার ঘটা কর্ণাটকের ঘটনায় আমি দুঃখ পেয়েছি। আমি জানতে পেরেছি, কর্ণাটকের একটি পত্রিকায় প্রকাশিত আমার লেখা সেখানকার ওই ঘটনা ঘটতে উসকানি দেয়। কিন্তু আমি জীবনে কখনো কর্ণাটকের কোনো পত্রিকার জন্য লিখিনি।’তসলিমা নাসরিন গত মাসে ভারতে ফেরার পর থেকে নিরাপত্তাজনিত কারণে নয়াদিল্লিতে অজ্ঞাত বাস করছেন। সম্প্রতি ভারত তাঁর ভিসার মেয়াদ ছয় মাস বাড়িয়েছে।তসলিমা বলেন, ‘আমার কোনো লেখায় আমি কখনো এ কথা উল্লেখ করিনি যে ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) বোরখার বিরুদ্ধে ছিলেন। কাজেই এটি একটি বিকৃত লেখা, অসচ্ছ অনুবাদ।’ তিনি বলেন, ‘আমি সন্দেহ করছি, এটি উদ্দেশ্যমূলকভাবে আমার নামে কুত্সা রটানোর জন্য করা হয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আমার লেখার অপব্যবহার করা হচ্ছে।’ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদ্দিউরাপ্পার নিজ শহর শিমোগায় সোমবার সংঘটিত সহিংসতায় একজন পুলিশের গুলিতে এবং অপরজন সংঘর্ষে নিহত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। শিমোগার পুলিশ-প্রধান এস মুরুগান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বুধবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।