
কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মধ্য দিয়ে গতকাল বুধবার বিভিন্ন স্থানে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ ও জামালপুরে দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ পুলিশ লাইনস মাঠে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির মধ্যে প্রথমে নিহত পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা হয়। এতে নিহত পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন সময়ে পুলিশের সাহসী ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
জামালপুরের পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সকাল ১০টার দিকে পুলিশ লাইনস মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে পুলিশ লাইনসের মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ রেজাউল করিম, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম প্রমুখ।