কর্তব্যে অবহেলার অভিযোগে সুন্দরগঞ্জ থানার ওসি বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সহিংস ঘটনার ২০ দিন পর অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমানকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়। ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির তাণ্ডব চালায়। এতে চার পুলিশ কনস্টেবলসহ আটজন নিহত হন।জামায়াত-শিবির থানা ও বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা, রেলস্টেশন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলে স্থানীয় জনগণ ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ দাবি করেন। মন্ত্রীর নির্দেশে গতকাল তাঁকে বদলি করা হয়। গাইবান্ধার পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।