কর্তার জন্য ট্রেন আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কারণে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে গত বৃহস্পতিবার রাতে খুলনাগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তা জয়পুরহাট থেকে সড়কপথে এসে ট্রেনে ওঠার পর এটি স্টেশন ত্যাগ করে।আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা প্রশাসনের একজন কর্মকর্তা সপরিবারে খুলনা যাওয়ার উদ্দেশে জয়পুরহাট রেলস্টেশনে আসেন। তিনি স্টেশনে পৌঁছার আগেই ট্রেনটি আক্কেলপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পরে ওই কর্মকর্তা সড়কপথে আক্কেলপুর স্টেশনের এসে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এরপর এটি ছাড়া হয়। আক্কেলপুর রেলস্টেশনের রেজিস্ট্রার খাতায় উল্লেখ আছে, বৃহস্পতিবার রাত ১০টা পাঁচ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আসে। আবার রাত সাড়ে ১০টায় সান্তাহার স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের যাত্রী সোহেল রানা বলেন, ‘আগে জানতাম, ট্রেনে ওঠার জন্য মানুষ অপেক্ষ করে, এখন দেখছি মানুষের জন্য ট্রেন অপেক্ষা করছে।’ আক্কেলপুর স্টেশনমাস্টার আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, জয়পুরহাট জেলা প্রশাসনের একজন এডিসি জয়পুরহাট স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অল্পের জন্য ধরতে পারেননি। পাকশী নিয়ন্ত্রণকক্ষ থেকে এডিসির জন্য ট্রেনটি আক্কেলপুর স্টেশনে অপেক্ষা করাতে বলা হয়। এডিসি জয়পুরহাট থেকে সড়কপথে এখানে এসে ট্রেনে ওঠেন। এ কারণে পৌঁছার ২৫ মিনিট পর ট্রেন ছাড়তে হয়েছে। সাধারণত ট্রেন এই স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি করে। ওই এডিসির নাম তিনি জানাতে পারেননি। এ প্রসঙ্গে রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারও জন্য ট্রেন অপেক্ষায় থাকবে—এমন নিয়ম রেলে নেই। একজন ব্যক্তির জন্য সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে আটকে রাখার কথা তিনি জেনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।