কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব এরশাদ-রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেওয়া নিয়ে জাতীয় পার্টিতে (জাপা) দলীয় প্রধান এইচ এম এরশাদ ও তাঁর পত্নী রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
দলীয় সূত্রগুলো জানায়, দলে এরশাদপন্থী নেতাদের দাবি, দল থেকে কারা সংরক্ষিত আসনের সাংসদ হবেন, তা চূড়ান্ত করা দলের চেয়ারম্যানের এখতিয়ার। আর রওশনপন্থী নেতাদের দাবি, রওশন এরশাদ এখন জাপার সংসদীয় দলের প্রধান এবং সংসদের বিরোধীদলীয় নেতা। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাঁর। এ অবস্থায় নারী সাংসদ মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই আলাদা তালিকা তৈরি করছে।
এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘তালিকা করুক, অসুবিধা নাই। প্রয়োজনে দুই তালিকার সমন্বয় করা হবে। কারণ কেউ তো দলের বাইরে না।’
দশম সংসদের প্রাপ্ত আসন অনুপাতে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি থেকে ছয়জনকে সাংসদ করা হবে। গতকাল জাপার মহাসচিবের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠায় নির্বাচন কমিশন। নারী সাংসদ মনোনয়নের জন্য আজ শুক্রবার থেকে ফরম বিক্রি শুরু করছে দলটি। দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ১৯ জানুয়ারি রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ফরম বিক্রি হবে। পরদিন বেলা ১১টা থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
দশম জাতীয় সংসদে জাপা ৩৪টি আসন পেয়েছে। এর মধ্যে রওশন এরশাদসহ ২০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানো হয়। আর ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হন ১৩ জন। গতকাল বৃহস্পতিবার বগুড়া-৭ আসনের স্থগিত নির্বাচনে জাপার প্রার্থী আলতাফ আলী জেতেন।
দলীয় সূত্রগুলো জানায়, দশম সংসদ নির্বাচনকে ঘিরে জাপায় নানা নাটকীয় ঘটনার পর দলীয় প্রধান এরশাদ নিজ দলে এখন বেশ বেকায়দায় পড়েছেন। নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিযুক্ত হলেও জাপার সংসদীয় দলের নেতৃত্ব হাতছাড়া হয়ে চলে গেছে স্ত্রী রওশনের কাছে। এখন রওশনপন্থী নেতারা সংরক্ষিত নারী আসনে নিজেদের মতো করে মনোনয়ন দিতে সক্রিয়।
জাপার একাধিক নেতা জানান, দল থেকে নারী সাংসদ মনোনয়নের কর্তৃত্ব কিছুতেই অন্য কারও হাতে দিতে রাজি নন এরশাদ। এ কারণে ২০ জানুয়ারি এরশাদের সভাপতিত্বে নারী আসনে সাংসদ হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া হবে বলে তাঁর নির্দেশে গতকাল জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইতিমধ্যে এরশাদ তিনজনের নাম চূড়ান্ত করেছেন বলে কোনো কোনো গণমাধ্যমে খবরও বেরিয়েছে। এঁদের একজন হলেন জাপার এক যুগ্ম মহাসচিবের স্ত্রী। অপর দুজন দশম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ও গাইবান্ধা থেকে দলের মনোনয়ন পেয়েছিলেন। এই তিনজনের ব্যাপারে রওশনের ঘোরতর আপত্তি আছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।