
নিজের ক্রমবর্ধমান ‘কর্তৃত্ববাদী আচরণ’ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন ক্ষুণ্ন হচ্ছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ওই অভিযোগ নাকচ করে দেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। তাঁর এ সাক্ষাৎকার গ্রহণ করেন সিমন তিসদাল ও আনা রিদাউত।
এর আগে একই পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছিলেন। এ-সংক্রান্ত প্রতিবেদন গত বুধবার প্রকাশিত হয়। এদেশীয় বংশোদ্ভূত ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে কীভাবে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, তা নিয়ে এক প্রতিবেদনের অংশ হিসেবে পত্রিকাটি তাঁর বক্তব্য নেয়।
গতকাল প্রকাশিত সাক্ষাৎকারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন শেখ হাসিনা বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, ‘জোরপূর্বক গুমের’ বহু ঘটনা, বিরোধীদলীয় ও ইসলামপন্থী কর্মীদের গণহারে গ্রেপ্তার এবং গণমাধ্যম ও ইন্টারনেটের স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপের মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মুসলিম দেশকে একটি দমনমূলক, কার্যত একদলীয় রাষ্ট্রে পরিণত করার দাবি প্রত্যাখ্যান করেছেন।
শেখ হাসিনা বলেন, ‘আমার দায়িত্ব আপামর জনসাধারণের সহায়তা করা। আমি জনগণের জন্য রাজনীতি করি, আমার জন্য নয়...মানুষ এখন গণতন্ত্রকে উপভোগ করছে। তারা চায় তাদের মৌলিক চাহিদা পূরণ হোক। এ জন্য মৌলিক চাহিদা তথা খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এবং অধিকতর ভালো জীবনযাত্রা নিশ্চিত করার মাধ্যমে আমি তাদের সহায়তার চেষ্টা করছি।’
২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সচল রয়েছে। মানুষ এতে সন্তুষ্ট ও তারা এটা উপভোগ করছে। তাই যেভাবে আপনারা বলছেন, আমি কর্তৃত্ব ফলাচ্ছি; আসলে তা নয়। আমি কর্তৃত্ব ফলাচ্ছি না। আমি জনগণের সেবা করছি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তথাকথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে বহু মানুষ হত্যার ঘটনা সংবিধান বা সংসদীয় নিয়ন্ত্রণবহির্ভূত—এমন দাবিও সরাসরি নাকচ করে দেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে শেখ হাসিনা বলেন, তাঁর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বেসরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমের প্রসার ঘটার যে অনুমতি দিয়েছে, তা নব্বইয়ের দশকের পর থেকে নজিরবিহীন।
‘কে এ পরিবর্তন আনল? এটা আমি। আমিই এটা খুলে দিয়েছি’, বলেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘এখন আমাদের দেশে ৪১টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও প্রায় ৭০০টি সংবাদপত্র রয়েছে। এরা লিখছে এবং এরা পুরোপুরি স্বাধীন। বেসরকারি সংগঠনগুলোও (এনজিও) তাদের বিধিমালা ও আইনানুযায়ী কাজ করছে।’
সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেত্রী বলেন, বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে ২০০৮ সালে হারিয়ে তিনি ক্ষমতায় আসেন। গত বছরের সাধারণ নির্বাচন বর্জন করে তারা নিজেরা নিজেদের পায়ে গুলি করেছে। তাদের ব্যর্থতার জন্যই পরে এই আওয়ামী লীগ ও ছোট মিত্র দলগুলো জয়ী হয়। এরপর বিএনপি ও এর বিতর্কিত মিত্র জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের অধীন জোরপূর্বক নতুন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টায় সহিংস বিক্ষোভ ও দেশব্যাপী অবরোধ শুরু করে।
বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন করা ও সারা দেশে খুনের জোয়ার বইয়ে দেওয়ার অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘(খালেদা জিয়া) নির্বাচনে অংশগ্রহণ না করে রাজনৈতিকভাবে ভুল করেছেন।’
সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে সন্ত্রাসের বিষয়ে মানুষের ভীতিকে ব্যবহার এবং বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের যৌক্তিকতা দাঁড় করাচ্ছেন।
সমালোচকেরা বলছেন, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের আদলে দেশজুড়ে জঙ্গিবাদের যে উত্থান ঘটছে, তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা, যদিও এ ক্ষেত্রে তাঁর অবস্থান জোরালো।
বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘সরকারের জবরদস্তিমূলক আচরণ বাংলাদেশে গণতন্ত্রের প্রতি আস্থা নষ্ট করছে। দেশে এক ব্যক্তির শাসনের দিকে এগোনোর প্রবণতা বাড়ছে। এর ফলে আমরা প্রায় গণতন্ত্র হারাতে বসেছি। পুলিশ ও বিচার বিভাগের মতো অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারাচ্ছে।’