ঢাকার সাভারের দক্ষিণ দড়িয়াপুর এলাকায় অবস্থিত জে কে গ্রুপের কয়েকটি পোশাকের কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখে দিনভর বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। পরে কোনো সমাধান ছাড়াই সন্ধ্যায় শ্রমিকেরা বাড়ি চলে যান।দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও টিফিন ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।সাভার থানার পুলিশ ও শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার শ্রমিকদের বর্ধিত বেতন স্কেল ঘোষণা করে। কিন্তু ওই বেতন স্কেল মনঃপূত না হওয়ায় গতকাল শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। সকাল থেকে কয়েক দফায় পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়।আলোচনা ব্যর্থ হওয়ার পর বেলা সাড়ে তিনটার দিকে কর্তৃপক্ষ কারখানার নিয়ম অনুযায়ী ঘোষিত বেতন স্কেল মেনে নিয়ে চাকরি করতে ইচ্ছুকদের চাকরি করার আহ্বান জানিয়ে বাকিদের পদত্যাগ করতে বলেন। এ ঘোষণার পর পরই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় কারখানার ভেতরে ভাঙচুর ও বিক্ষোভ করতে থাকেন।বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ মোসলেমা নামের এক শ্রমিককে আঘাত করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে থাকা পুলিশকে ধাওয়া করেন। তাড়া খেয়ে পুলিশ কারখানার বাইরে গিয়ে দুটি মূল ফটকে অবস্থান নেয়। এরপর শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে রেখে নিয়ম অনুযায়ী তাঁদের পাওনা পরিশোধ করে কারখানা থেকে বিদায় দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।শ্রমিকেরা জানান, মঙ্গলবার তাঁদের যে নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়েছে, তাতে তাঁদের খুব সামান্য বেতন বেড়েছে। এ কারণে তাঁরা শতকরা ১৫ টাকা হারে বেতন বাড়ানোর দাবি জানান। এ ছাড়া টিফিন ভাতা ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা, রাত্রিকালীন টিফিন ভাতা ২৫ টাকা বাড়িয়ে ৫০ টাকা করাসহ বেতনের সঙ্গে অতিরিক্ত পারিশ্রমিক প্রদান এবং স্ববেতনে অর্জিত ছুটি ভোগ করার সুযোগের দাবি জানান। এসব দাবি না মানার কারণে তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।জে কে গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী তাঁদের বেতন বাড়ানো হয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী তাঁদের অন্যান্য সুবিধাও বাড়ানো হয়েছে। এর পরও শ্রমিকেরা কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো সমঝোতা ছাড়াই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রমিকেরা চলে যান।