কর্তৃপক্ষকে চাপে রেখে ছাত্রলীগ শিবিরের সুবিধা আদায়ের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ। দাবিগুলো মেনে না নিলে ১৬ নভেম্বর থেকে ক্যাম্পাসে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ স্বাক্ষরিত এসব দাবি-সংবলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। রোববারের কথা-কাটাকাটির জের ধরে ছাত্রশিবিরের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এই স্মারকলিপি দেওয়া হয়েছে বলে ছাত্রলীগ জানিয়েছে। এদিকে ১৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। সাম্প্রতিককালে হরতালবিরোধী কিংবা শিবিরবিরোধী কোনো কর্মসূচি নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ক্যাম্পাসে আন্দোলন করতে দেখা যায়নি। তাই হঠাৎ করে ভর্তি পরীক্ষার আগে ছাত্রলীগের এমন কর্মসূচি ঘোষণা করায় প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ভর্তি পরীক্ষার আগমুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপে রেখে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করতেই ছাত্রলীগ এমন কর্মসূচি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভর্তি পরীক্ষা সামনে রেখে ছাত্রশিবিরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা জিইয়ে রাখতে চায়। এর বিনিময়ে তারাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন সুবিধা আদায় করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত এক শিক্ষক বলেন, ‘সারা বছর শিবিরবিরোধী কোনো আন্দোলনে না থেকে ভর্তি পরীক্ষার আগে ছাত্রলীগের এমন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা নতুন নয়। একইভাবে শিবিরও চায় ভর্তি পরীক্ষার আগে অস্থিতিশীল অবস্থা জিইয়ে রাখতে। মূলত বিভিন্ন সুবিধা আদায় করে নিতেই তারা এমন কর্মসূচি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখায়। পরে সুবিধা পেয়ে গেলে তারা শান্ত হয়।’
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপে রাখার কথা অস্বীকার করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ক্যালেন্ডার বিলির নামে শিবিরের ক্যাডাররা দোকানদারদের কাছ থেকে চাঁদা দাবি করলে ছাত্রলীগ দোকানদারদের নিয়ে প্রতিবাদ করে। তখন শিবির গালাগাল করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর আক্রমণ করায় এ কর্মসূচি দেওয়া হয়েছে।
শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ বলেন, ‘আমাদের দাবিগুলো মেনে না নিলে ১৬ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।’ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রলীগ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করলেও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা এখনো কোনো কর্মসূচি দিইনি।’
প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, ‘উপাচার্য মহোদয় ক্যাম্পাসে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ছাত্রলীগের নেতা-কর্মীদের বেশি করে বুঝিয়েছেন। তাঁদের দাবিগুলোর ব্যাপারে আলোচনা করা হচ্ছে।’