নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যালয়টির কোনো উন্নয়ন না করে শুধু নিজেদের ব্যক্তিস্বার্থে এ বাণিজ্য করায় গত রোববার সমঝোতাবৈঠকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি এবং সংশ্লিষ্ট সদস্যদের ওপর এ টাকা ধার্য করা হয়।তবে নিজেদের ওপর তিন লাখ ৩০ হাজার টাকা ধার্য হওয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন এবং পরিচালনা পর্ষদের সভাপতি. মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘এটা জরিমানা নয়, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের অনুদান (ডোনেশন) থেকে ওই টাকা দেওয়া হবে।’প্রসঙ্গত, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্য ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও মামলা হওয়া নিয়ে গত রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।