কর্তৃপক্ষের অনিয়ম চার শিক্ষক পদোন্নতিবঞ্চিত
পটুয়াখালীর রাঙ্গাবালী কলেজে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দুজনসহ চারজন শিক্ষকের পদোন্নতির প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নামঞ্জুর করার পর কলেজ কর্তৃপক্ষ নতুন করে প্রস্তাব না পাঠানোয় চারজন শিক্ষক পদোন্নতি ও উচ্চতর বেতনস্কেলপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।কলেজের পৌরনীতির প্রভাষক মো. শফিকুল ইসলাম অভিযোগ করেন, সরকারি পরিপত্র ও নীতিমালা অনুসারে চাকরিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে চারজন শিক্ষকের গত মে মাস থেকে পদোন্নতি ও উচ্চতর বেতনস্কেলে বেতন-ভাতা পাওয়ার কথা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ গত ১৫ মে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ওই চারজন থেকে দুজন ও পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দুজনের নামে এই প্রস্তাব করে।কলেজের একাধিক শিক্ষক জানান, জ্যেষ্ঠতা অনুসারে ওই প্রতিষ্ঠানের প্রভাষক মো. শফিকুল ইসলাম, মো. আজমল হোসাইন, মো. তাইজুল ইসলাম ও মো. মিজানুর রহমানের পদোন্নতি ও উচ্চতর বেতনস্কেল পাওয়ার কথা। কিন্তু শফিকুল ও মিজানুরকে বাদ দিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দুজনসহ চারজনের নাম প্রস্তাব করা হয়েছে।মো. শফিকুল ইসলাম ও মো. মিজানুর রহমান গত ১৭ জুলাই অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তাঁরা উল্লেখ করেন, পদোন্নতির সুপারিশের জন্য দাবি করা ৫০ হাজার টাকা না দেওয়ায় জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করে তাঁদের নাম বাদ দেওয়া হয়। পরে অধিদপ্তর কলেজের আবেদন নামঞ্জুর করে।কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে চার শিক্ষকের পদোন্নতির প্রস্তাব পাঠানো হয়েছিল। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তালিকা করায় এবং এ বিষয়ে আপত্তি থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রস্তাব মঞ্জুর করেনি। তবে পদোন্নতির প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষকদের কাছে টাকা চাওয়ার অভিযোগ সঠিক নয়।