কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কক্সবাজারে উন্নয়নকাজ হবে না: মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ব্রিফিং করা হয় সচিবালয়ে। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ব্রিফিং করা হয় সচিবালয়ে। ছবি: ফোকাস বাংলা

পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কক্সবাজারে কোনো উন্নয়নকাজ করা যাবে না। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, এই কর্তৃপক্ষ একটি মাস্টার প্ল্যান তৈরি ও হালনাগাদ করা, ল্যান্ড জোনিং করা ও ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে। কক্সবাজারে যেকোনো উন্নয়নকাজে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। নির্দেশ অমান্য করা হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে। তবে ভূমিসংক্রান্ত অন্যায়, অপরাধের বিচার প্রচলিত আইনেই হবে বলে জানান তিনি।

১৫ জন সদস্য নিয়ে গঠন করা হবে এ কর্তৃপক্ষ। এদের চারজন হবেন পূর্ণকালীন আর ১১ জন খণ্ডকালীন। নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান।

এ ছাড়া আজ মন্ত্রিসভায় জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫ অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।