কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কেটে ফেলা হলো সরকারি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজার রোড এলাকার খালপাড় থেকে শুক্রবার বিকেলে সরকারি একটি রেনইট্রিগাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভা ওই বাজারসংলগ্ন এলাকায় একটি কিচেন মার্কেট তোলার জন্য ঠিকাদার মো. লিটন মিয়াকে কার্যাদেশ দিয়েছে। ঠিকাদার কিচেন মার্কেটের ঘর তোলার অজুহাত দেখিয়ে খালপাড়ের বড় রেনইট্রিগাছটি কেটে ফেলেন। গাছটির দাম প্রায় ১৪-১৫ হাজার টাকা। পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, ওই গাছটি সরকারি জায়গায় এবং এর মালিক উপজেলা ভূমি অফিস। স্থানীয় পৌর কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, ‘মার্কেটের ঘর তোলার ক্ষেত্রে গাছটির জন্য কিছুটা অসুবিধা হচ্ছিল বলে ঠিকাদার জানিয়েছেন। আমি তাঁকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে নিয়ম মেনে গাছটি কাটতে বলেছি। কিন্তু ঠিকাদার তা শোনেননি। এজন্য আমি গাছটি কাটতে নিষেধ করেছি।’ঠিকাদার মো. লিটন মিয়া বলেন, ‘কাজ পৌরসভার। কাজের জন্য দরকার হয়েছে, তাই পৌরসভার অনুমতি নিয়ে গাছ কেটেছি।’পৌর মেয়র কাজী ফরিদুজ্জামান বলেন, ‘গাছ ভূমি অফিসের। তাই পৌরসভার গাছ কাটার অনুমতি দেওয়ার কিছু নেই। আমার কাছ থেকে অনুমতি দেওয়া হয়নি।’ সহকারী কমিশনার (ভূমি) মৃনাল কান্তি দে বলেন, ‘গাছটি আমার তত্ত্বাবধানে আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’