কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চলছে নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সিদ্দিকবাজার জামে মসজিদের নির্মাণাধীন ভবন  ছবি: প্রথম আলো
পুরান ঢাকার সিদ্দিকবাজার জামে মসজিদের নির্মাণাধীন ভবন ছবি: প্রথম আলো

ওয়াক্ফ প্রশাসনের অনুমতি ছাড়া ভেঙে ফেলা হয়েছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী দেওয়ান মনোয়ার খান সিদ্দিকবাজার জামে মসজিদ। এখন আবার ওয়াক্ফ প্রশাসন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি ছাড়াই চলছে মসজিদ ও মার্কেট নির্মাণের কাজ। নির্মাণকাজ বন্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, মানছে না মসজিদ কমিটি।
স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের অভিযোগ, মসজিদের নিচতলা ও ভূগর্ভস্থ তলায় নামাজের স্থান না করে প্রায় ৫০টি দোকান নির্মাণ করা হয়েছে। নামমাত্র নেওয়া হচ্ছে দোকান ভাড়া।
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) ফয়েজ আহমেদ ভূঁইয়া বলেন, ‘মসজিদের উন্নয়নে কোনো কাজ করতে হলে আমাদের অনুমতি দরকার। কারণ এটি ওয়াক্ফ সম্পত্তি। কিন্তু মসজিদ কমিটি অনুমতি নেয়নি।’
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালের ডিসেম্বরে বিনা অনুমতিতে মূল ছয়তলা মসজিদ ও চৌদ্দতলা সমপরিমাণ মিনারটি ভেঙে ফেলে মসজিদ কমিটি। পরে কমিটিকে কারণ দর্শানো ও তা পুনর্নির্মাণের অর্থের উৎস জানাতে নোটিশ দেয় ওয়াক্ফ প্রশাসন। নোটিশের জবাবে কমিটি মসজিদটির ভবন ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে এবং পুনর্নির্মাণ খাতের অর্থ হিসেবে অনুদান মসজিদের নিজস্ব আয়ের উল্লেখ করে চিঠি দেয়। এরপর তারা ওয়াক্ফ প্রশাসন ও রাজউকের অনুমতি ছাড়াই ছয়তলা মসজিদের নির্মাণকাজ শুরু করে।
সরেজমিনে দেখা যায়, মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে তৃতীয় তলার নির্মাণকাজ। এর ভূগর্ভস্থ ও নিচতলায় করা হয়েছে দোকান। কয়েকটি দোকানে মালামালও তোলা হয়েছে।
সূত্র জানায়, মসজিদটি ভাঙার পর গত বছরের ৯ মার্চ উচ্চ আদালতে রিট করেন স্থানীয় মুসল্লি ফারুকুর রহমান। ওই দিনই নির্মাণকাজে স্থগিতাদেশ দেন আদালত।
মুসল্লিরা জানান, মসজিদে মুসল্লিদের নামাজের স্থানসংকুলান না হওয়ায় গত বছরের নভেম্বরে ওয়াক্ফ প্রশাসনের কাছে মসজিদের নিচতলা ও ভূগর্ভস্থ তলায় নামাজ আদায়ের অনুমতি চান মুসল্লিরা। পরে গত ৬ মে অনুমতি দেয় ওয়াক্ফ কর্তৃপক্ষ। কিন্তু মসজিদ কমিটি এ দুই স্থানে বাণিজ্যিক দোকান নির্মাণ করায় নামাজ পড়তে পারছেন না মুসল্লিরা।
অনুমতি ছাড়া মসজিদ নির্মাণ প্রসঙ্গে দেওয়ান মনোয়ার খান সিদ্দিকবাজার জামে মসজিদ কমিটির সহসভাপতি নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন করে ভবন নির্মাণের জন্য ওয়াক্ফ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়নি। তবে অনুমতি নেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করছি। মসজিদ পরিচালনা করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন নেওয়া হবে।’ দোকান নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেই মসজিদের জায়গায় বেশ কিছু দোকান ছিল। নতুন করে ভবন নির্মাণ করার পর সেই দোকানগুলোকেই বরাদ্দ দেওয়া হয়েছে।’
মসজিদ নির্মাণে অনুমতির বিষয়ে জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মসজিদ নির্মাণে অনুমতি নিতে হয়। তবে ফি লাগে না।’
স্থানীয় মুসল্লি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সদস্য জাভেদ জাহান বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী মসজিদটি ভাঙা কোনো ক্রমেই ঠিক হয়নি। এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মসজিদের বেইজমেন্টে ও নিচতলায় মার্কেট নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করছি।’