কর্তৃপক্ষের অবহেলার মাশুল দিল ১৪ ছাত্র
কর্তৃপক্ষের অবহেলায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হিজবুল্লাহ আলিয়া মাদ্রাসার ১৪ জন শিক্ষার্থী জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিতে পারছে না। কর্তৃপক্ষ যথাসময়ে পরীক্ষার ফরম পূরণ না করায় এ সমস্যা দেখা দিয়েছে বলে অভিভাবকেরা অভিযোগ করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সর্বশেষ সময় ছিল গত ৫ মে। ওই মাদ্রাসা থেকে এ বছর ৩৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারনেটের নেটওয়ার্কের ত্রুটির কারণে ১৯ জনের ফরম পূরণ করা সম্ভব হয়েছে। বাদ পড়া ১৪ জনের ফরম পূরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, গত আগস্টে বোর্ড মনোনীত পরীক্ষার্থীদের তালিকা যাচাইয়ের জন্য মাদ্রাসায় পাঠালে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানালে মাদ্রাসা সুপার যেকোনো উপায়ে ফরম পূরণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
মাদ্রাসার সুপার হাবিবুর রহমান জানান, বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘এখন আর ফরম পূরণের সুযোগ নেই।’