কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণই শ্রমিক অসন্তোষের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পে স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের সঙ্গে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মালিক অথবা কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণই শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ। গতকাল শনিবার রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের ৩৫ লাখ লোক পোশাকশিল্পের সঙ্গে জড়িত। তাই এই শিল্পে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকার যথেষ্ট সচেষ্ট। তিনি আরও বলেন, ভুল-বোঝাবুঝি থেকেই প্রথমে অসন্তোষের সৃষ্টি হয়। শ্রমিকেরা তাদের সমস্যার কথা মালিকদের কাছে বলতে পারলে তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতো না। যেকোনো সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই। পুলিশ দিয়ে বল প্রয়োগ করে কিছু হবে না। সংযত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সভায় মন্ত্রী ছাড়াও স্থানীয় সাংসদ, বিজিএমইএর নেতা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫টি পোশাক কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, আশুলিয়ায় ৩০০ থেকে ৪০০ পোশাক কারখানা আছে। আজকের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন মাত্র ১৫ জন মালিক, যা খুবই হতাশাজনক। তিনি বলেন, ‘পোশাকশিল্প ধ্বংস করতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’ অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের কারণেই বারবার শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে। তিনি বলেন, ‘শ্রমিক খেপিয়ে সরকারকে বিব্রত করে এই ব্যবসা করার অধিকার আমাদের নেই। শ্রমিকদের সন্তুষ্ট রাখতে না পারলে ব্যবসা ছেড়ে দেওয়াই ভালো।’ তিনি বলেন, একটি মহল ১১ ও ১২ জুন পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রচারপত্র বিলি করছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার।