যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের আনসার, পুলিশ এমনকি কিশোরদের সার্বক্ষণিক দেখাশোনার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত, সেই ভারপ্রাপ্ত সহকারী তত্ত্বাবধায়কের আচরণও শিশুবান্ধব নয়। ২০০৯ সালের ডিসেম্বর থেকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ সহকারী পরিচালকের (তত্ত্বাবধায়ক) পদটিও শূন্য। অতিরিক্ত দায়িত্ব দিয়ে এ পদ পূরণ করা হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার কেন্দ্র পরিদর্শন করে যে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন সেই প্রতিবেদনেই উল্লেখ করা হয়েছে, কেন্দ্রে কর্মরতদের আচরণ শিশুবান্ধব নয়। কর্তৃপক্ষের দুর্ব্যবহার, ঠিকমতো খাবার না দেওয়া, নির্যাতনের প্রতিবাদ জানাতেই ৪ মে এ কেন্দ্রের ১৫ কিশোর নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে। ঘটনার পরপর অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ঢাকা থেকে জুলফিকার হায়দার কেন্দ্র পরিদর্শনে যান।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রের কিশোরদের জন্য দেওয়া খাবারের মান খারাপ। কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা খাদ্যতালিকাও অনুসরণ করা হয় না। কর্মকর্তা-কর্মচারীরা কিশোরদের চাহিদার প্রতি মনোযোগী নন। সেবা, যত্ন, পরিচর্যা, সুরক্ষা ও নিরাপত্তার বিষয়েও কর্মরতরা যথেষ্ট আন্তরিক নন৷
প্রতিবেদনের সুপারিশে কেন্দ্রের ছেলেদের মারধর না করে কাউন্সেলিংয়ের বিষয়ে জোর দিতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত সহকারী তত্ত্বাবধায়ককে অন্য জায়গায় বদলি, তত্ত্বাবধায়কের পদ পূরণ, খাবারের মান বাড়ানো, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, কিশোরদের লেখাপড়া, খেলাধুলাসহ অন্যান্য সুযোগসুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রে যাঁদের বয়স ১৮ বছরের বেশি, তাঁদের যথাযথ প্রক্রিয়ায় জেলখানায় পাঠানোর কথা বলা হয়েছে। মূল ফটকের নিরাপত্তাব্যবস্থা জোরদার, কেন্দ্রের সদস্যদের নির্দিষ্ট পোশাক দেওয়া, শিশু আইনের বাস্তবায়নসহ প্রতিবেদনে মোট ১৪টি সুপারিশ করা হয়েছে।
৪ মের ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে সেই প্রতিবেদন দেওয়ার আগেই গত শনিবার রাতে কেন্দ্র থেকে ছয় কিশোর পালিয়ে গেছে। ৪ মে ঘটনার দিনও দেয়াল টপকে পালিয়ে যায় তিন কিশোর। এদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করতে পেরেছে কর্তৃপক্ষ।
সমাজসেবা অধিদপ্তরের আওতায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত এবং আইনের সংস্পর্শে আসা শিশু-কিশোরদের জন্য দেশে মোট তিনটি (একটি কিশোরীদের জন্য) উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারিতে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ২০ কিশোর নিজেদের শরীর কেটে ক্ষোভ প্রকাশ করে৷
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩ মে দুই কিশোরের ভাই পরিচয় দিয়ে এক যুবক দেখা করতে আসেন। নিরাপত্তা প্রহরীরা দুই কিশোরের সঙ্গে সেই যুবককে দেখা করতে দেননি। সেই যুবককে লাঠি দিয়ে একটি বাড়িও দেওয়া হয়। এতে সেই দুই কিশোর নিরাপত্তারক্ষীদের গালাগাল করতে থাকে। এর আগে একাধিক ঘটনায় কর্তৃপক্ষ সম্পর্কে কিশোরদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ ৪ মে সেই ক্ষোভের প্রকাশ ঘটে৷
তবে কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক আবুল বাশার শেখ প্রথম আলোকে বলেন, ‘আমি কখনোই কিশোরদের মারধর করি নাই। তবে টাইটে রাখতাম। আমার তদারিকর জন্য কিশোররা গুল, বিড়ি, গাঁজা পাচ্ছে না। এসব কারণেই তারা আমার নামে অভিযোগ করেছে। কর্তৃপক্ষও বিশ্বাস করেছে।’
যশোরের প্রবেশন অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, ‘কেন্দ্রের ভেতরে ১৪ জন নিরাপত্তা প্রহরী থাকার কথা। আছে মাত্র ছয়জন। কেন্দ্রের হাউস প্যারেন্ট, স্টোর কিপারসহ ১৪ থেকে ১৫টি পদই দীর্ঘদিন ধরে খালি। কেন্দ্রের কারও কারও ব্যবহার শিশুবান্ধব নয়, তা-ও অস্বীকার করা যাবে না।’
যশোর কেন্দ্রে ১৫০ জন কিশোরের থাকার ব্যবস্থা আছে। গত রোববার কেন্দ্রে ছিল ১২৪ জন।