কর্তৃপক্ষের আশ্বাসে ছাত্রলীগের চাকরি প্রত্যাশীদের আন্দোলন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের আশ্বাসে ছাত্রলীগের চাকরি প্রত্যাশীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের এক বৈঠকের পর তাঁরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির দাবিতে গত সোমবার ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয়সহ প্রশাসনিক ভবনের সব ক‌ক্ষেÿতালা ঝুলিয়ে দেন। একই দাবিতে তাঁরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটেরও ডাক দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার, সহউপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের বৈঠক হয়। বৈঠকে চাকরিপ্রত্যাশীরা জামাত-বিএনপির কোনো প্রার্থীকে নিয়োগ না দেওয়া, অর্থনীতি, পরিসংখ্যান ও আইন বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করা এবং নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ডাকা সিন্ডিকেট সভা স্থগিত করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দাবি মেনের নেওয়ার আশ্বাসের দিলে সন্ধ্যা সাতটায় চাকরিপ্রত্যাশীরা প্রশাসনিক ভবনে লাগানো তালাগুলো খুলে দেন। পাশাপাশি পরিবহন ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণাও দেন তাঁরা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করার স্বার্থে চাকরি প্রত্যাশীদের দাবি অনুযায়ী তিন বিভাগের শিক্ষক নিয়োগের বোর্ড স্থগিত করা হয়েছে। নিয়োগের ব্যাপারে পরবর্তীতে তাঁদের বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।’

বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ও চাকরিপ্রত্যাশী আশিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের তিন দফা দাবি মেনে নেওয়ায় এবং আমাদের চাকরির বিষয়টি পরবর্তীতে বিবেচনার আশ্বাস দেওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।’