কর্তৃপক্ষের আশ্বাসে রাজশাহীর নগর ভবনে ঝুলল না তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরভবনের সামনে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের কর্মচারীরা। ছবি: প্রথম আলো
বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরভবনের সামনে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের কর্মচারীরা। ছবি: প্রথম আলো

কর্তৃপক্ষ আশ্বাসে নগর ভবনে তালা ঝোলানোর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা তিনটার মধ্যে বেতন পরিশোধ করা না হলে নগর ভবনে তালা ঝোলানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে ওই সময়ের মধ্যেই তার সমঝোতা হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার তাঁদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এরপর কর্মসূচি প্রত্যাহার করে নেন তাঁরা।

এর আগে আজ বেলা ১১টা থেকে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন সিটি করপোরেশনের কর্মচারীরা। রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমেরী আহম্মেদ বলেন, দৈনিক মজুরিভিত্তিক ২ হাজার ২০০ এবং স্থায়ী প্রায় ৫০০ কর্মচারীর গত মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। বেতন দেওয়ার নামে শুধুই টালবাহানা করা হচ্ছে। সামনে ঈদ। বেতন না পেলে কর্মচারীদের অমানবিক অবস্থায় ঈদ কাটাতে হবে। তিনি বলেন, কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আজ বেলা তিনটার মধ্যে বেতন না দেওয়া হলে নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

কিন্তু বেলা তিনটার পরপরই কর্তৃপক্ষ সঙ্গে সমঝোতা হয় কর্মচারীদের। কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরে আজমেরী আহম্মেদ প্রথম আলোকে বলেন, দাবি মেনে নেওয়ার কারণে তাঁদের আর তালা ঝোলাতে হয়নি। তাঁরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।