কর্তৃপক্ষের উদাসীনতা পরীক্ষা দেওয়া হলো না দুই পরীক্ষার্থীর
কর্তৃপক্ষের উদাসীনতায় ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের দুই শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পৌরনীতি পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।মানবিক বিভাগের ওই দুই শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে কলেজের নির্ধারিত ফরমে আবেদন করলেও প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি।অভিযোগ সূত্রে জানা গেছে, শোকরান আক্তার (রেজিস্ট্রেশন নম্বর ৮০৭২৭৮) ও মো. এনামুল মোল্লা (রেজিস্ট্রেশন নম্বর ৮০৭২৩১) নামের দুই শিক্ষার্থী ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পৌরনীতি বিষয়ে অকৃতকার্য হয়। এ বছর শুধু অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য যথাযথ নিয়মে কলেজে ফরম পূরণের জন্য প্রয়োজনীয় টাকা ও কাগজপত্র জমা দেয়। শোকরান আক্তারের বড় ভাই সাইফুস সালেহীন জানান, ১ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর পর প্রবেশপত্র না পেয়ে অধ্যক্ষের কাছে বিষয়টি জানানোর পর তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে শিক্ষা বোর্ডে যোগাযোগ করা হলে জানা যায়, এ দুই পরীক্ষার্থীর নামে ফরম পূরণের জন্য কোনো কাগজ বা ফি বোর্ডে জমা পড়েনি। কলেজের অধ্যক্ষ আয়নুল হক বলেন, ‘আমি যথাসময়ে কলেজের একজনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু তিনি কেন বোর্ডে আবেদন জমা দেননি, সেটি আমার জানা নেই। ঘটনা তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।’