কর্তৃপক্ষের খামখেয়ালি, গচ্চা আরডিএর, মালিকের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) ঘোষণার পরে নির্মাণ করা বাড়ি পড়েছে তাদের সড়কে। আর ওই ছয়তলা ভবন ভেঙে এখন প্রায় তিন কোটি ৭০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। আরডিএ সূত্রে জানা গেছে, নগরের বোয়ালিয়া মৌজার ৫৫০৪, ৫৫০৫, ৫৫০৬/৫৬১৯ দাগের ওপর ছয়তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রথমে ২০০১ সালে ভবনের নকশা অনুমোদন করা হলেও নির্মাণকাজ শুরু করা হয়নি। ২০০৫ সালের ২২ ডিসেম্বরে প্রথম নকশা সংশোধন করে তারপর নির্মাণকাজ শুরু করা হয়। অথচ ২০০৪ সালে আরডিএ রাজশাহী নগরের ২০ বছর মেয়াদি (২০০৪-২৪) মহাপরিকল্পনা অনুমোদন করে। যা পরের বছর ২০০৫ সালের ১৫ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। রাস্তার ওপরে একটি ছয়তলা ভবনের নির্মাণকাজ চলতে থাকলেও আরডিএ তাদের কাজ বন্ধ করার জন্য কোনো নোটিশ দেয়নি। ২০০৯ সালে মূল মালিক আবু সাঈদ অসম্পূর্ণ ভবনসহ ওই জমি বিক্রি করে দেন। পরে ছয়তলা পর্যন্ত নির্মাণ করা হয়। নতুন মালিক ভবনের ভূগর্ভস্থ কক্ষ, একতলা ও দ্বিতীয় তলা ব্যবহার উপযোগী করেন। তাঁরা দ্বিতীয় তলায় একটি ব্যাংকের কার্যালয়ের জন্য ভাড়া দেন। তাঁরা এর ওপরের তলাগুলোর শুধু ছাদ নির্মাণ করে ফেলে রাখেন। সেগুলো আর ব্যবহার উপযোগী করেননি। রাজশাহী জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা গেছে, এই ভবনের ভূমির ক্ষতিপূরণ বাবদ এর মালিককে চার কোটি তিন লাখ ১২ হাজার ৮৫৯ টাকা এবং ভবন বাবদ তিন কোটি ৭০ লাখ তিন হাজার ৯২১ টাকা দেওয়া হয়েছে। বর্তমান মালিকেরা ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার পর মামলা করেছেন। তাঁদের দাবি তাঁদের ক্ষতিপূরণ কম দেওয়া হয়েছে। ভবনেরর বর্তমান মালিক মো. আসাদুল্লাহ বলেন, ‘২০০৫ সালে যখন নকশা সংশোধন করে নেওয়া হয়, তখনো তারা বলেনি যে ভবনটা রাস্তার নকশার ওপরে পড়ছে। আবার যখন আমরা ভবনের কাজ এগিয়ে নিচ্ছিলাম, তখনো কোনো নোটিশ দেয়নি। আমরা জানতে পারার পর রাস্তার নকশাটা একটু ঘুরিয়ে নিতে বলেছিলাম। মেয়রের সুপারিশসহ আবেদন করেছিলাম। তারা তা-ও মানেনি।’আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম বলেন, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই। অথরাইজড কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ছয়তলা ভবনের মূল নকশাটা ২০০১ সালে করা। পরে ২০০৫ সালের ডিসেম্বর মাসে নকশাটি সংশোধন করা হয়েছে। কিন্তু ছয়তলা ভবনের কাজ শুরু হয়েছে রাস্তার মহাপরিকল্পনা অনুমোদনের পর। তখন কেন থামানো হয়নি—জানতে চাইলে তিনি বলেন, অবশ্য কর্তৃপক্ষ তখন তাঁদের একটা চিঠি দিতে পারত।