পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান) শেষ বর্ষের চূড়ান্ত সমাপনী পরীক্ষার ফল প্রকাশের আগে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়ে চরম বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শেষ বর্ষের চূড়ান্ত সমাপনী পরীক্ষার ফল প্রকাশের আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ভর্তিও হন। এক বছর তাঁরা ক্লাসও করেন। কিন্তু সম্প্রতি স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে জানতে পারেন, ২৮৬ জন শিক্ষার্থীর নিবন্ধনই হয়নি। এ সময় কলেজ কর্তৃপক্ষ তাঁদের জানায়, অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) বিষয়ে দেরিতে পাস করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এই ২৮৬ জন শিক্ষার্থীকে স্নাতকোত্তর কোর্সে নতুন করে ভর্তি হতে হবে।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী বলেন, সম্মান শেষ বর্ষের চূড়ান্ত সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এক বছর আগে। তাঁরা সব বিষয়ে পাসও করেছেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে জানায়নি। ফলে এই জটিলতার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ অবস্থা হয়েছে।
ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থী সোহেল শরীফ চৌধুরী বলেন, ‘১৫ এপ্রিল ফরম পূরণের শেষ দিন। এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখাচ্ছে। এখন আমরা কী করব কিছুই বুঝে উঠতে পরছি না।’
কলেজের স্নাতকোত্তর ভর্তি কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক নিয়ামুল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনার্স শেষ বর্ষের চূড়ান্ত সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগেই সব শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়। তবে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) বিষয়ে যারা প্রথম ও দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করেছে, তাদের বেলায় কোনো সমস্যা হয়নি। যারা এর পরে পরীক্ষা দিয়ে পাস করেছে, শুধু তাদের বেলায় পরীক্ষার ফরম পূরণে ঝামেলা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ‘এটা শুধু এডওয়ার্ড কলেজে নয়, দেশের বিভিন্ন কলেজে ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শিগগিরই এই শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।’
কলেজের অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা বলেন, ‘আমাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয়। আসলে আমাদের কিছুই করার থাকে না। জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে বলে, আমাদের সেভাবেই চলতে হয়।’