গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৫ জন ছাত্রী উপবৃত্তির দ্বিতীয় কিস্তির (জুলাই-ডিসেম্বর) টাকা পায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে এসব শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণীর দুজন ছাত্রী জানায়, উপবৃত্তির প্রথম কিস্তির টাকা পেলেও তারা দ্বিতীয় কিস্তির টাকা পায়নি। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।বিদ্যালয় সূত্র জানায়, উপবৃত্তি পেতে হলে বার্ষিক পরীক্ষায় শতকরা ৪৫ ভাগ নম্বর, কার্য দিবসের শতকরা ৭৫ দিন বিদ্যালয়ে উপস্থিতি, অবিবাহিত, গরিব ও মেধাবী হতে হবে। এ ছাড়া বালিকা বিদ্যালয়ের ক্ষেত্রে শতকরা ৩০ জন ছাত্রী উপবৃত্তি পাবে। এ হিসেবে এই বিদ্যালয়ের এক হাজার ২৫০ জন ছাত্রীর মধ্যে ৩৭৫ জনের উপবৃত্তি পাওয়ার কথা। নিয়ম অনুযায়ী গত বছরের জানুয়ারি মাসে ৩৭৫ জনের তালিকাও পাঠানো হয়। কিন্তু মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে উপবৃত্তি ছাড় করা হয় ৩৪৩ জনের। জুন মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ৩৪৩ জন ছাত্রীর প্রথম কিস্তির (জানুয়ারি-জুন) উপবৃত্তির টাকা প্রদান করে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণীর ৭২ জন, সপ্তম শ্রেণীর ৮৭ জন, অষ্টম শ্রেণীর ৭১ জন, নবম শ্রেণীর ৫০ জন ও দশম শ্রেণীর ৬৩ জন রয়েছে।এদিকে দ্বিতীয় কিস্তির টাকা ছাড় করার জন্য গত জুলাই মাসে আবার ওই ছাত্রীদের তথ্য ফরম পূরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক বরাবরে পাঠানো হয়। কিন্তু ডিসেম্বর মাসে প্রকল্প পরিচালকের কার্যালয় ৩৪৩ জন ছাত্রীর মধ্যে ৩৫ জনের নাম বাদ দিয়ে টাকা ছাড় করে। গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার অভিভাবক জি এম চৌধুরী অভিযোগ করেন, প্রধান শিক্ষকের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে এসব ছাত্রী উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। পরবর্তী সময়ে তারা উপবৃত্তি পাবে কি না, সেটিও এখন অনিশ্চিত।প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প পরিচালকের কার্যালয়ের গাফিলতি ও ভুলের কারণে ৩৫ ছাত্রীর নাম বাদ পড়েছে। এর পরও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সংশোধনী ফরম চাওয়া হয়েছে। ফরম পাওয়া গেলে ৩৫ ছাত্রীর প্রয়োজনীয় তথ্য আবারও প্রকল্প পরিচালকের কার্যালয়ে পাঠানো হবে। আমি আশা করি, এসব প্রক্রিয়া সম্পন্ন হলে ওই ছাত্রীরা উপবৃত্তি পাবে।’সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব জানান, প্রতি ছয় মাস পর প্রতিষ্ঠানের প্রধানেরা উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য প্রকল্প পরিচালকের কার্যালয়ে পাঠান। এসব তথ্য যাচাই-বাছাই করে উপবৃত্তির তালিকা তৈরি করা হয়।