কর্তৃপক্ষের চাপই লিপিকার মৃত্যুর কারণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল কর্তৃপক্ষের চাপে দুই মাস ধরে অনেকটা বন্দী জীবন যাপন করছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিকপাড়ার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের হিসাব কর্মকর্তা লিপিকা গোমেজ। হিসাব বিভাগের কিছু টাকা তছরুপের অভিযোগে তাঁকে কর্তৃপক্ষ প্রচণ্ড চাপে রেখেছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
মায়ের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসা জিনেট রিতা লরেন্স (২৪) বলেন, কর্তৃপক্ষের চাপই মায়ের মৃত্যুর কারণ হতে পারে।
জিনেট জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে মুঠোফোনে মায়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়। মা তাঁকে জানিয়েছিলেন, টাকার জন্য ছুটি পাচ্ছেন না তিনি। মেয়ের কাছে এ জন্য ৪০ হাজার টাকাও চান। টাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মাকে বড় দিনের ছুটি দেয়নি বলেও মা জানিয়েছিলেন।
সকালের দিকে হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী পুলিশ ও সাংবাদিকদের কাছে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে লিপিকা আত্মহত্যা করেছেন বলে চালানোর চেষ্টা করছিলেন। কিন্তু লিপিকার মেয়ের বক্তব্যের পর সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় দোকানদার, নৈশপ্রহরীসহ অনেকের কাছ থেকেই টাকা ধার করেছিলেন লিপিকা। ওই পাওনাদারেরা টাকার জন্য তাঁকে চাপ দিতেন।’