চট্টগ্রামের শিশুপার্কে রাইড দুর্ঘটনায় নিহত ব্যাংকার অনুপম চৌধুরীর স্বজনেরা পার্ক কর্তৃপক্ষের বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকালে তাঁরা চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ও ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় অনুপমের স্ত্রী পাপিয়া চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। পাপিয়া বলেন, ‘বিয়ের ২২ দিনের মাথায় আমার সিঁথির সিঁদুর মুছে দিতে হয়েছে। এখন আমি কী নিয়ে বাঁচব?’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রয়াত অনুপমের ভাই উত্তম কুমার চৌধুরী বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল অনুপম। তার মৃত্যুতে পরিবারের সবাই এখন দিশেহারা। পার্ক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং সতর্কতা অবলম্বন না করানোতেই আমার ভাইকে হারিয়েছি। অবিলম্বে পার্ক নামের এই মরণফাঁদ বন্ধ করে দেওয়া হোক।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অনুপমের বাবা অমূল্য রতন চৌধুরী, বোন দেবী চৌধুরী, শম্পা চৌধুরী, নন্দিতা চৌধুরী প্রমুখ।২৩ মার্চ শুক্রবার নগরের আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্কে রোলার কোস্টারের রাইড ছিঁড়ে পড়লে অনুপম চৌধুরী মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাঁর স্ত্রী পাপিয়া চৌধুরীও আহত হন। দুর্ঘটনার পরের দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অনুপম মারা যান।