বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ৬৭ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে ভর্তির ১০ মাস পরেও তাঁদের নিবন্ধন হয়নি। এ কারণে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কলেজ সূত্রে জানা গেছে, ওই ৬৭ জন কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভর্তি হওয়ার ১০ মাস পরেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের নিবন্ধনের কাগজপত্র আসেনি। নিবন্ধনের দাবিতে তাঁরা গতকাল মানববন্ধন করেছেন। জানা গেছে, ২০১০-২০১১ শিক্ষাবর্ষে কলেজের ইংরেজি বিভাগে ১০৫টি আসনের বিপরীতে ২৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় সুযোগ পেয়ে ভর্তি হন। বাকি আসনগুলোতে বাইরের কলেজে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের রিলিজ স্লিপের (ছাড়পত্র) মাধ্যমে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে এই ৬৭ জন শিক্ষার্থীও আছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কোনো শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পড়তে চাইলে ভর্তি পরীক্ষায় কমপক্ষে ১২ নম্বর পেতে হবে। ১২ নম্বর না পেলে কোনো শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ভর্তি হতে পারবেন না। কিন্তু কলেজ প্রশাসন এ নিয়ম না মেনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে জিপিএ-বি পাওয়া ৬৭ জন শিক্ষার্থীকে ভর্তি করে। ডিসেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে নিবন্ধনের কাগজপত্র আসে। কিন্তু ওই ৬৭ জন শিক্ষার্থীর নিবন্ধনের কাগজপত্র আসেনি। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে তাদের জানানো হয়, ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী ১২ নম্বরের কম পায়, তাদের নিবন্ধন করা হয় না। নিবন্ধনের দাবিতে ওই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। গত শনিবার তাঁরা কলেজের সামনের রাস্তায় এবং গতকাল রোববার আবারও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সাদিয়া আফরিন নামের আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘১২ নম্বর না পেলে নিবন্ধন হবে না, এ বিষয়টি আমরা জানি না। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জেনেও কেন আমাদের ভর্তি করিয়েছে।’গতকাল মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গতকালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানালে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কলেজের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবেন।অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, ‘রিলিজ স্লিপের মাধ্যমে যখন তাদের ভর্তি করানো হয়েছিল, তখন তারা ১২ নম্বর পেয়েছে কি না তা জানা যায়নি। ওই সময় ভর্তির কার্যক্রম অনলাইনে করা হয়েছে। এ জন্য ভুল হয়ে গেছে। গত মাসে জানতে পারি, ১২ নম্বর না পেলে নিবন্ধন দেওয়া হবে না। এর পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিষয়টি জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’