কর্তৃপক্ষের ভুলের মাসুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কুমিল্লা সরকারি কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ১১ শিক্ষার্থী এক বছর ইংরেজি বিষয়ে পড়ার পর জানতে পারলেন, তাঁরা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন না। পছন্দ অনুযায়ী অন্য যেকোনো বিষয়ে পড়তে পারবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন এক চিঠির কারণে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ওই শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মহসিন জানান, কুমিল্লা সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ইংরেজি বিভাগে ১০০টি আসন রয়েছে। এক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ নিয়ে সব ধরনের শর্ত পূরণ করে ওই শিক্ষার্থীরা ভর্তি হন। এ অবস্থায় ১৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি পায় কুমিল্লা সরকারি কলেজ। ওই চিঠিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ায় ইংরেজি বিভাগে ভর্তিকৃত এসব (১১ জন) শিক্ষার্থীর নিবন্ধন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন মোবাশ্বেরা খানম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, ১৫ এপ্রিলের মধ্যে তালিকা পাঠানোর জন্য। কিন্তু কলেজ কর্তৃপক্ষ চিঠি পেয়েছে ১৬ এপ্রিল। ভুক্তভোগী শিক্ষার্থী পলাশ মিয়া, আলআমিন, নাজমুল হোসেন ও শিউলি সরকার জানান, ‘অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ নিয়ে আমরা ইংরেজি বিভাগে ভর্তি হই। ওই সময় আমাদের ইংরেজি বিভাগে ভর্তির যোগ্য হিসেবে উল্লেখ করা হয়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই চিঠি পেয়ে আমরা হতাশ।’জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মোবাশ্বেরা খানম জানান, নিবন্ধন-জটিলতা নিরসন কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। অনলাইন ভর্তি-প্রক্রিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে। এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের কোনো দায় নেই।’