কর্দমাক্ত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ রাস্তা দিয়রে রিকশা চালাই, তহন ঘাত আর জোর ন থাকে। রাস্তার ঢালাই উডিয়রে গিয়ই। হেই ভাঙাত মাঝে পানি জমিয়রে পচা পানি ঘাত পরি হর-চোয়র খারাপ অর আর রিকশার চেইন ছিরি জাগই।’ বলছিলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলার পানখালী গ্রামের রিকশাচালক আবদুল আলী। টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের নীলা বাসস্টেশন এলাকার দুরবস্থার চিত্র গতকাল শুক্রবার এভাবেই তুলে ধরেন তিনি।
বাসচালক আলা উদ্দিন ও অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন জানান, সড়কের গর্তে চাকা পড়লে অনেক সময় গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। ঝুঁকি নিয়ে ধীরে গাড়ি চালানোর কারণে যানজট সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, পিচ উঠে গিয়ে সড়কের অধিকাংশ জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি পানিতে সড়কের নীলা অংশের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি জমে সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির অবস্থা করুণ। বছরের প্রায় ছয় মাস পানি জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে থাকে। এ সড়কে যাতায়াত করতে গিয়ে উপজেলা সদরের পাশাপাশা নীলা ইউনিয়নের বাসস্টেশন বাজারে আসা ২৫ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগের উখিয়ার উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে টেকনাফে) পলাশ চাকমা বলেন, সড়কটি দিয়ে ৮-১০ টন ধারণক্ষমতার ট্রাক চলাচল করার কথা থাকলেও টেকনাফ স্থলবন্দরের পণ্যবাহী ২০-৩৫ টন ওজনের ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলছে। এ কারণে দিন দিন সড়কটির অবস্থা খারাপ হয়েছে। এটি দ্রুত সংস্কারের জন্য লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।
পরিবহনমালিক-শ্রমিক, সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের দৈর্ঘ্য প্রায় ৮৯ কিলোমিটার। এর মধ্যে ৪৩ কিলোমিটার সড়ক খানাখন্দ ও গর্তে ভরা। ছয় মাস ধরে এ অবস্থা চললেও সংস্কারের উদ্যোগ নেই। সম্প্রতি টানা বৃষ্টিতে ওই ৪৩ কিলোমিটারের মধ্যে প্রায় দেড় কিলোমিটার সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। এ জন্য ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের প্রধান নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঈদের আগেই ইট-বালু ফেলে খানাখন্দগুলো মেরামত করা হবে। সড়কের ৪৩ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়েছে। পুনরায় দরপত্র আহ্বানের চেষ্টা চলছে।