কর্দমাক্ত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
‘ভ্যাই, এই রাস্তাডা দিয়্যা যখন রিকশা চাল্যাই তখন জানের কিছু আর থাকে না। বেশির ভাগ জায়গারই পিচ উইঠ্যা গিয়া নষ্ট অইয়্যা গেছে। কিছু জাগাতে গর্ত অইয়্যা ক্যাদা জইমা গেছে। অনেক সময় রিকশার চেইন ছিইর্যা যায়।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মীর দেওহাটা হাজীপাড়া গ্রামের রিকশাচালক বাছেদ মিয়া কথাগুলো বলছিলেন। উপজেলার দেওহাটা-বহুরিয়া আঞ্চলিক সড়কের দুরবস্থার চিত্র গত শনিবার এভাবেই তুলে ধরেন তিনি। স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এ করুণ অবস্থা হয়েছে। বছরের প্রায় ছয় মাস পানি জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে থাকে। এতে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ২৬ গ্রামের মানুষ ভোগান্তি পোহান।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওহাটা-বহুরিয়া আঞ্চলিক সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ২০ বছর আগে পাকা সড়কটি নির্মাণ করে। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত শনিবার (১২ জুলাই) সরেজমিনে দেখা গেছে, পিচ ঢালাই উঠে গিয়ে সড়কের অধিকাংশ জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে রাস্তার শুরুর অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা থেকে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই অংশে বছরের প্রায় ছয় মাস পানি জমে কর্দমাক্ত হয়ে থাকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, ইজিবাইক, মোটরসাইকেল, রিকশাসহ বিভিন্ন ধরনের হালকা যানবাহনে মির্জাপুর উপজেলার ২০টি গ্রাম ও ঢাকার ধামরাই উপজেলার ছয়টি গ্রামের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যাতায়াত করেন। এ ছাড়া, ছোট ছোট ট্রাক ও পিকআপ ভ্যানে করে ওই সব এলাকা থেকে কৃষকেরা কাঁচামালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করেন। সড়কটি দিয়ে এলাকার কয়েকটি ইটভাটা থেকে ইট ট্রাকে করে বিভিন্ন স্থানে পাঠানো এবং বাইরে থেকে মাটি আনা হয়। ফলে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করার কারণেও সড়কের অবস্থা খারাপ হয়েছে।
উপজেলার গেড়ামারা গ্রামের বাসিন্দা আবুল ফজল ও চান্দুলিয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, রাস্তাটির অবস্থা খারাপ হওয়ার পরেও বিকল্প না থাকায় তাঁরা ঝুঁকি নিয়ে চলাচল করেন। এ ছাড়া, এ কারণে কৃষকেরা সময়মতো বাজারে কাঁচামাল পৌঁছাতে না পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
টেম্পোচালক মোয়াজ্জেম হোসেন বলেন, গর্তের কারণে ঝাঁকুনিতে চাকার সঙ্গে থাকা স্প্রিংও ভেঙে যায়।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, সড়কটি দিয়ে পাঁচ টন ধারণক্ষমতার ট্রাক চলাচল করার কথা থাকলেও আট থেকে ১০ টন ধারণক্ষমতার ট্রাক চলাচল করে। এ কারণে সড়কটির অবস্থা এখন শোচনীয়। এটি দ্রুত সংস্কারের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।