নারী সাংসদ সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে দায়ের করা মামলায় এলডিপির সভাপতি ও সাংসদ কর্নেল (অব.) অলি আহমদকে সমন জারি করেছেন আদালত। গতকাল রোববার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এলডিপি সভাপতিকে ২৭ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন। অলির বিরুদ্ধে মামলাটি করেছেন চন্দনাইশের বাসিন্দা আফতাব মাহমুদ। গতকাল শুনানির পর হাকিম আদেশে বলেন, ‘গত ১৯ নভেম্বর একটি দৈনিকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদন পড়া হলো। প্রতিবেদনের একপর্যায়ে লেখা হয়েছে “...তিনি (কর্নেল অলি) বলেন, চন্দনাইশের একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যার সমাধান করা যাবে না। তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকে সুন্দরী মহিলাদের চন্দনাইশে এনে দিলে যুবসমাজের কল্যাণ হবে।...”’ আদেশে আরও বলা হয়, ‘চন্দনাইশের একজন যুবক হিসেবে উল্লিখিত অংশটুকু অভিযোগকারীর অভিযোগের ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে হয়েছে। অভিযোগকারীর বক্তব্যে প্রাথমিক সত্যতা থাকায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নেওয়া হলো। সমন ইস্যু করা হোক। পরবর্তী শুনানি ২৭ নভেম্বর।’আফতাব মাহমুদ আরজিতে বলেন, কর্নেল (অব.) অলি আহমদের এই বক্তব্যে চন্দনাইশের যুবসমাজ প্রচণ্ডভাবে অপমানিত হয়েছে। আসামির উক্তি অনুযায়ী চন্দনাইশের যুবসমাজ কখনো সুন্দরী মহিলাদের পেছনে ছোটেনি। ...আসামি একজন রাজনৈতিক ব্যক্তি এবং চন্দনাইশের অধিবাসী হয়ে এই ধরনের বক্তব্য দিয়ে চন্দনাইশের যুবসমাজকে নারী আসক্ত এবং চরিত্রহীন হিসেবে কটাক্ষ করেছেন। এটি চন্দনাইশের যুবসমাজের একজন প্রতিনিধি হিসেবে তাঁকে (আফতাব মাহমুদ) আহত করেছে। আফতাব মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘একজন যুবক হিসেবে আমি অপমানবোধ করছি। তাই তাঁর বিরুদ্ধে মামলা করি। আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।’ প্রসঙ্গত, কর্নেল অলি আহমদ ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি ও এর অঙ্গসংগঠনের পৌরসভা সম্মেলনে এই বক্তব্য দেন, যা পরদিন চট্টগ্রামের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে গতকাল আদালতে মানহানি মামলা করেন আফতাব মাহমুদ।