কর্নেল তাহেরের জীবন নিয়ে মেলা
কর্নেল তাহেরের ৭৩তম জন্মদিন ও সিপাহি-জনতার অভ্যুত্থানের ৩৬তম বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার টিএসসি সড়কদ্বীপ সেজেছিল ভিন্ন সাজে। কর্নেল তাহেরের জীবন ও কর্ম নিয়ে সেখানে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রদর্শনী। প্রদর্শনীতে কর্নেল তাহেরের কৃত্রিম পা-সহ তাঁর ব্যবহূত বিভিন্ন সামগ্রী, ছবি, জীবনবৃত্তান্ত, লেখা শেষ চিঠি, বিভিন্ন প্রবন্ধ এবং অডিও ক্যাসেট স্থান পায়। দিনভর সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মেলা দেখতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ১১ নম্বর সেক্টরের কামালপুর রণাঙ্গনে কর্নেল তাহেরের চার সহযোদ্ধা ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন, বশির আহমেদ, জহুরুল হক মুন্সী ও নুর হোসেন। এরপর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ঘুড়ি উৎসব। সেখানে ছয়টি দল অংশ নেয়।বিকেলে কর্নেল তাহের সংসদের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয়তাবাদের চেতনার যুদ্ধে সম্মুখসারিতে অংশ নিয়ে পা হারান কর্নেল তাহের। পরবর্তী সময়ে শুরু করেন গণমুক্তির সংগ্রাম। কিন্তু তাঁর সেই সংগ্রাম রুখে দিতে বিচারের নামে প্রহসন করে তাঁকে হত্যা করা হয়। যুদ্ধাহত পা নিয়ে ক্রাচে ভর করে নিঃশঙ্কচিত্তে ফাঁসির মঞ্চে উঠেছিলেন তিনি।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, হায়দার আকবর খান রনো, কর্নেল তাহের হত্যা মামলার কৌঁসুলি অ্যাডভোকেট শাহ্দীন মালিক ও সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য হারুন হাবিব।