কর্নেল তাহেরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ
কর্নেল তাহেরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কর্নেল তাহের সংসদ দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি পালনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিকেল পাঁচটায় আলোচনা সভা হবে। সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। আলোচনা শেষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা-২০১০ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এদিকে তাহেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। সভায় বক্তারা বলেন, ’৭২ সালের সংবিধান পুনরুজ্জীবন এবং যুদ্ধাপরাধীদের বিচার করেই কর্নেল তাহেরের ঋণ শোধ করতে হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্ক্সবাদী-লেনিনবাদী) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।