কর্নেল রশিদের ক্রোক করা জমি আ.লীগ নেতাদের দখলে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া, আত্মস্বীকৃত পলাতক খুনি কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদের ক্রোক করা সম্পদ প্রশাসনের অধীন নেই৷ দীর্ঘদিন ধরে তা দখল করে রেখেছেন কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা৷
ওই সব সম্পদ কাদের দখলে আছে এবং নতুন করে আবদুর রশিদের আরও স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে অনুসন্ধান শুরু করেছে সরকারের গঠিত টাস্কফোর্স৷
অনুসন্ধানে জানা গেছে, চান্দিনার ছয়ঘড়িয়া, পানিপাড়া, থানগাঁও ও করতলা মৌজায় আবদুর রশিদের বিপুল পরিমাণ জমি আছে৷ ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (চান্দিনা) আসনে আবদুর রশিদ ফ্রিডম পার্টি থেকে নির্বাচন করে পরাজিত হন৷ ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পরদিন তিনি দেশের বাইরে পালান৷ ওই বছরের ২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যা মামলা করা হয়৷ ১৯ ডিসেম্বর চান্দিনা উপজেলা প্রশাসন আবদুর রশিদের সম্পদের মধ্যে শুধু ১০ দশমিক ৮৩ একর জায়গা ক্রোক করে৷ এর মধ্যে ছয়ঘড়িয়া মৌজায় ৮ দশমিক ৬০ একর ও পানিপাড়া মৌজায় ২ দশমিক ২৩ একর জমি আছে৷
পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের সম্পদ অনুসন্ধানে গঠিত টাস্কফোর্স গত ৬ এপ্রিল কুমিল্লা জেলা পুলিশ সুপারকে একটি চিঠি দেয়৷ টাস্কফোর্সের পক্ষে চিঠি দেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ৷ ওই চিঠিতে তিনি আবদুর রশিদের ক্রোক করা জমি কার অধীন আছে তা জানতে চান৷ ওই জমি বাজেয়াপ্ত হয়েছে কি না, তাও জানতে চান৷ এরপর কুমিল্লার জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্সেদকে দিয়ে একটি তদন্ত করান৷ ওসি গত ২২ এপ্রিল একটি প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন৷ ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৬ এপ্রিল পুলিশ সুপার জেলা প্রশাসককে একটি চিঠি দেন৷ এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমান ৪ মে চান্দিনার সহকারী কমিশনারকে (ভূমি) চিঠি দিয়ে আবদুর রশিদের ক্রোক ও ক্রোক ছাড়া জমিগুলো কী অবস্থায় আছে, কাদের দখলে আছে, তা তদন্ত করতে বলেন৷
ওসির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে চান্দিনার ছয়ঘড়িয়া মৌজায় ৮ দশমিক ৬০ একর জমি ক্রোক করা হয়৷ সেখানে একটি পুকুর, খালি জায়গা ও আবাদি জমি রয়েছে৷ ওই জমি ১০-১২ বছর ধরে স্থানীয় বাসিন্দারা ভোগ করছেন৷ এ ছাড়া পানিপাড়া মৌজায় ২ দশমিক ২৩ একর জমি ক্রোক করা হয়েছে৷ কিন্তু সেখানে জমি আছে ২ দশমিক ৩৫ একর৷ এর মধ্যে ৩৫ শতক জমিতে পানিপাড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় স্থাপন করা হয়েছে৷ অবশিষ্ট দুই একর জমি গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা চাষাবাদ করছেন৷ ক্রোক করা ব্যতীত আবদুর রশিদের অন্যান্য সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের সঠিক তথ্য পাওয়া যায়নি৷
ওসির প্রতিবেদনে দখলকারীদের কারও নাম নেই৷ তবে চান্দিনা থানার পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ছয়ঘড়িয়ার সম্পদগুলো চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে দখল করা হয়েছে৷ আর পানিপাড়ার আবাদি জমিগুলো আওয়ামী লীগের সাত সমর্থক দখল করেছেন৷ করতলা গ্রামে আবদুর রশিদের ১৮ শতক জমি দখল করে আছেন পাঁচজন৷ তিনজন বসতবাড়ি বানিয়েছেন৷ দুজন দোকানপাট বানিয়েছেন৷ সম্প্রতি ছয়ঘড়িয়া গ্রামে গিয়ে দেখা গেছে, ক্রোক করা জমির মধ্যে রড তৈরির একটি প্রতিষ্ঠানের বড় বিলবোর্ড৷ এর পাশের পুকুরে মাছের চাষ হচ্ছে৷ পাশে কয়েক একর আবাদি জমি৷ সেখানে চাষ করা ধান কেটে নেওয়া হয়েছে৷
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা রোকন উদ্দিন ভূঁইয়া এই বিলবোর্ডটি বার্ষিক ১০ লাখ টাকায় ভাড়া দিয়েছেন৷ পুকুর দলীয় কর্মী ইকবাল হোসেনকে বার্ষিক ৬০ হাজার টাকায় ইজারা দিয়েছেন৷ আবাদি জমি ইজারা দিয়েছেন ৩০ জনকে৷
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রোকন উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ড আমি বসাইনি৷ উল্টো বাধা দিয়েছি৷ তবে পুকুর আমি ইজারা দিয়েছি৷ ১৯৮৮ সালে রশিদের বড় ভাই আবদুল মান্নান আমার কাছে জমি বিক্রি করবে বলে সাত লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন৷ তখন তাঁরা যৌথ পরিবারে ছিলেন৷ ওই টাকা ফেরত না দেওয়ায় ২০১০ সাল থেকে আমি ওই জায়গার পুকুর ইজারা দিচ্ছি৷’
যোগাযোগ করা হলে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘খুনি আবদুর রশিদের বহু সম্পদ এলাকায় রয়েছে৷ কোন সম্পদ কী অবস্থায়, কাদের দখলে আছে তা খতিয়ে দেখা হচ্ছে৷’
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘ক্রোক করা জমি প্রশাসনের অধীনেই থাকার কথা৷ বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে৷’