কর্নেল রশিদের চান্দিনার সব সম্পত্তি বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি কর্নেল (অব.) আবদুর রশিদের কুমিল্লার চান্দিনা উপজেলার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
গতকাল সোমবার কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কর্নেল (অব.) আবদুর রশিদের চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া, করতলা, পানিপাড়া ও থানগাঁও মৌজার ৬ দশমিক ১২ একর সম্পত্তি গত রোববার আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করা হয়। ওই মৌজার বিভিন্ন দাগের জায়গাগুলোতে জেলা ম্যাজিস্ট্রেটের নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে।
ওই সাইনবোর্ডে উল্লেখ রয়েছে, ‘তফসিলে বর্ণিত সম্পত্তি সরকারের বাজেয়াপ্ত সম্পত্তি। ওই সম্পত্তিতে জনসাধারণের প্রবেশ নিষেধ।’ ওই সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ ও চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।
ওসি রসুল আহমদ নিজামী বলেন, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর আদালতের নির্দেশে কর্নেল (অব.) আবদুর রশিদের আরও ১০ দশমিক ৮২ একর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এ নিয়ে তাঁর ১৬ দশমিক ৯৪ একর সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো।
এর আগে ওই এলাকার কিছু প্রভাবশালী লোক বাজেয়াপ্ত সম্পত্তিতে মাছ চাষ ও কৃষিকাজ করতেন। এখন থেকে কেউ আর ওই জমিতে কিছু করতে পারবে না বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসক বলেন, পুলিশ ওই সম্পত্তি তদারক করবে। অতীতের মতো কেউ যদি ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে কিংবা ভোগদখলের চেষ্টা চালায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।