কর্নেল হাটে পরিবহন শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালককে মারধর করার ঘটনায় পরিবহনশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কর্নেল হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ‘যাত্রীসেবা’ নামের একটি বাস গতকাল দুপুরে কর্নেল হাটে মহাসড়কের ওপর অবৈধভাবে পার্ক করে রাখা ছিল। এতে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে চালককে গাড়ি সরিয়ে নিতে বলে ট্রাফিক পুলিশ। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বেধে যায়। একপর্যায়ে চালককে মারধর করে পুলিশ। এ ঘটনার পর মহাসড়কে আড়াআড়িভাবে গাড়ি রেখে পরিবহনশ্রমিকেরা যান চলাচলে বাধা দেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অলি আহমদ প্রথম আলোকে বলেন, ‘বাসচালকের সঙ্গে ট্রাফিক কনস্টেবলের ভুল-বোঝাবুঝি হয়। এ কারণে উত্তেজিত পরিবহনশ্রমিকেরা রাস্তা অবরোধ করে। পরে আপস হলে অবরোধ তুলে নেওয়া হয়।’
জানতে চাইলে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, রাস্তায়
গাড়ি পার্ক করা নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে বাসচালকের সমস্যা হয়। এর জের ধরে পরিবহনশ্রমিকেরা কয়েক মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।