রাজধানীর রূপনগরে একটি বস্তিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গিয়ে গতকাল শনিবার হামলার শিকার হয়েছেন ডেসকো কর্মকর্তা ও পুলিশ। হামলায় রূপনগর থানার কনস্টেবল আবদুল লতিফ আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পুলিশ ওই বস্তিতে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে। তবে পুলিশের ধাওয়া খেয়ে আবদুল খালেক (৪০) নামের বস্তির বাসিন্দা মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রূপনগর থানার পুলিশ জানায়, গতকাল সকালে রূপনগর ট ব্লকে ৬ নম্বর সেকশনে একটি বস্তিতে অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে যান ডেসকো কর্মকর্তারা। তখন তাঁদের সঙ্গে রূপনগর থানার কয়েকজন পুলিশও ছিল। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বস্তিবাসীরা বাধা দেয়। শুরু হয় বাগিবতণ্ডা। একপর্যায়ে বস্তিবাসীরা ডেসকো কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা করে।
জানতে চাইলে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরলেও কোনো কথা বলেননি। শুধু অপর প্রান্ত থেকে ‘সাংবাদিকদের জ্বালায় থাকতে পারলাম না’ কথা শোনা যায়। ফোন কেটে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
পরে রূপনগর থানার ফোন নম্বরে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা এসআই মইনুল হক বলেন, হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। আর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে দুটি ঘটনা আলাদা বলে দাবি করেন তিনি।