কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে ভর্তি কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী-অফিসার্স সমিতির সদস্যদের আন্দোলনের কারণে গতকাল সোমবার স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।মাসুম বিল্লাহ ও সাইফুল ইসলাম নামের দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম আলোকে গতকাল দুপুর ১২টার দিকে বলেন, ‘সকাল থেকে ভর্তির জন্য অপেক্ষা করছি। এখন পর্যন্ত ভর্তি হতে পারিনি। ভর্তি করা হবে কি না, সে ব্যাপারেও কেউ কিছু বলতে পারছে না।’ প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটায় আবেদন করা সব শিক্ষার্থীকে ভর্তির দাবিতে সকাল সাড়ে আটটা থেকে বিভিন্ন অনুষদ ও প্রশাসনিক ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার্স সমিতির সভাপতি এ টি এম আবদুল হান্নান, কর্মচারী সমিতির সভাপতি আব্বাস আলী তালুকদার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বৈঠকে বসেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে আন্দোলন কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। পরে কর্মকর্তা ও কর্মচারীরা কাজে যোগ দিলে দুপুর ১২টার পর থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়। বৈঠক শেষে অফিসার্স সমিতির সভাপতি এ টি এম আবদুল হান্নান বলেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে রোববার থেকে আবার আন্দোলনে যাবেন তাঁরা।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, গতকাল ছিল অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রমের শেষ দিন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে আগামী বুধ ও বৃহস্পতিবারও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।এদিকে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাবী শিক্ষার্থীদের ভর্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা বলেন, কোটা ব্যবস্থা সব সময়ই নানা বিতর্কের সৃষ্টি করে। বিভিন্ন সময় কোটা ব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম নিয়ে শিক্ষকদের প্রতিবাদ করতে হয়েছে।