কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত পাঁচ বছরে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ৪১২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। চুরির ঘটনায় মামলা হলেও একজনও প্রেপ্তার হয়নি। পল্লী বিদ্যুতের একশ্রেণীর কর্মচারী এ চুরির সঙ্গে পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে।পবিস সূত্র জানায়, ২০০৮ সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এ ২২১টি ট্রান্সফরমার ও ৪২৫ কিলোমিটার তার চুরি করা হয়। সমিতি-২-এ ১৯১টি ট্রান্সফরমার ও ২৭৮ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়।ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ট্রান্সফরমার কিংবা বৈদ্যুতিক তার চুরি হলে পল্লী বিদ্যুৎ অফিসের কোনো মাথাব্যথা থাকে না। তারা শুধু নামকাওয়াস্তে একটি মামলা করে। কেননা, যেসব এলাকা থেকে চুরি হয়, ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ট্রান্সফরমারের মূল্য পরিশোধ না করলে ট্রান্সফরমার বসানো হয় না। রংপুরের আট উপজেলা ও গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলাসহ নয়টি উপজেলা নিয়ে দুটি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। এর মধ্যে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সদর উপজেলার পাগলাপীরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ অবস্থিত।মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ এলাকার একজন গ্রাহক মাহবুবুল আলম জানান, তাঁর এলাকায় গত পাঁচ বছরে দুবার ট্রান্সফরমার চুরির জন্য বাড়তি টাকা পরিশোধ করতে হয়েছে।গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনের সহযোগিতায় এসব ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে বলে কেউ গ্রেপ্তার হয় না। মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন অভিযোগ করেন, কতিপয় কর্মচারীর যোগসাজশে এসব চুরির ঘটনা ঘটে।রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) তোফাজ্জল হোসেন ট্রান্সফরমার চুরির সঙ্গে তাঁদের লোকজন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, চুরির পর সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। গ্রেপ্তারের বিষয়টি থানার পুলিশের ব্যাপার। পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) নরেন্দ্র নাথ সরকার বলেন, পুলিশের সহযোগিতায় এলাকার জনগণ সংঘবদ্ধ হয়ে চুরি রোধ করতে পারে। এই চুরির সঙ্গে পল্লী বিদ্যুতের লোকজন জড়িত থাকার অভিযোগ তিনিও অস্বীকার করেন।